ডেকে নিয়ে কৃষককে হত্যার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ার শিবগঞ্জে সালিসে ডেকে নিয়ে মারধর করে আবুল হোসেন (৫৫) নামের এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের বড় হরিপুর গ্রামে এ ঘটনা ঘটে। আবুল হোসেন বড় হরিপুর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, পাশের বাড়ির বাদশা মিয়ার স্ত্রী মনোয়ারা বেগমকে (৪৫) উত্ত্যক্ত করার অভিযোগে মঙ্গলবার রাতে আবুল হোসেনকে স্থানীয় মসজিদের কাছে ডেকে নেওয়া হয়। এরপর বিচার চলার সময়ে মনোয়ারার ছেলে সোহাগ মিয়া তাকে মারপিট করে। এরপর আবুল হোসেনকে বাড়ি আনা হলে তিনি মারা যান।
আবুল হোসেনের স্ত্রী শাহেলা বেগম বলেন, মঙ্গলবার রাত ১১টার দিকে স্থানীয় মিঠুন, জলিল ও সফিকুল মোন্না আমার স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে মসজিদের কাছে যায়। আমিও তার সঙ্গে সাথে যাই। গিয়ে দেখি সালিস বসেছে। সেখানে গ্রামের মাতব্বরা ছিলেন। সালিস চলার সময় মনোয়ারার ছেলে সোহাগ আমার স্বামীকে কিল-ঘুষি মারতে থাকে। আমার স্বামীর মাথা ও ঘাড়ে সিগারেটের আগুন দেওয়ার চেষ্টা করে। মনোয়ারা ও তার স্বামী বাদশা মিয়াও মারপিট করেছে। পরে আমার স্বামীকে আহত অবস্থায় বাড়ি নিয়ে এলে বুকের ব্যথায় কাতরাতে থাকেন। রাত ১২টার দিকে তিনি মারা যান।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে বুধবার সকালে বগুড়া শহীদ জিয়াইর রহমান মেডিকেল করেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরিবারের সদস্যরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
