ড্রোন আতঙ্কে দুই ঘণ্টা বিমান চলাচল বন্ধ বার্লিন বিমানবন্দরে

অনলাইন ডেস্ক
জার্মানির বার্লিন ব্র্যান্ডেনবার্গ বিমানবন্দরে অজ্ঞাত ড্রোন দেখার পর প্রায় দুই ঘণ্টা বিমান চলাচল স্থগিত রাখা হয়। শুক্রবার রাতের এই ঘটনাকে ইউরোপজুড়ে সাম্প্রতিক ড্রোন আতঙ্কের অংশ হিসেবে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বার্লিন থেকে এএফপি এ খবর জানিয়েছে। বিমানবন্দর মুখপাত্র জানান, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৮ মিনিট থেকে ৯টা ৫৮ মিনিট পর্যন্ত সব উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়। এ সময় বেশ কিছু ফ্লাইটকে জার্মানির অন্য বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়।

তিনি আরও জানান, যাত্রীদের ভোগান্তি কমাতে বার্লিনে রাতের ফ্লাইট নিষেধাজ্ঞা সাময়িকভাবে শিথিল করা হয়েছে। মুখপাত্র বলেন, আপাতত মনে করছি, ঝুঁকি কেটে গেছে।

ব্র্যান্ডেনবার্গ রাজ্যের পুলিশ জানায়, ড্রোন দেখার খবর পেয়ে তারা একটি টহল গাড়ি ও হেলিকপ্টার পাঠায়। টহল দল ড্রোনটি শনাক্ত করলেও নিয়ন্ত্রণকারীকে খুঁজে পাওয়া যায়নি।

বিমানবন্দর ও সামরিক ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় অজ্ঞাত ড্রোনের উপস্থিতি বাড়ায় বড় ধরনের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে আগে থেকেই সতর্ক করে আসছিলেন জার্মান নেতারা।

ডেনমার্ক, নরওয়ে ও পোল্যান্ডেও সম্প্রতি অজ্ঞাত ড্রোন দেখা যাওয়ায় ফ্লাইট স্থগিত করতে হয়েছে। অন্যদিকে রোমানিয়া ও এস্তোনিয়া এসব ঘটনার জন্য সরাসরি রাশিয়াকে দায়ী করেছে। যদিও মস্কো এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights