ঢাকা ও চট্টগ্রামে জলাবদ্ধতার সতর্কতা

অনলাইন ডেস্ক
দেশের আট বিভাগের কোথাও কোথাও আরও তিন দিনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম শহরে জলাবদ্ধতা তৈরির সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার রাজধানীর সকাল ঝিরঝিরে বৃষ্টি দিয়ে শুরু হলেও দুপুরের দিকে নামে ঝুম বৃষ্টি।

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু সক্রিয় থাকার ফলে মঙ্গলবার দুপুর ২টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টায় চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও রাজশাহী বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।

এর আগে রবিবার পর্যন্ত টানা বৃষ্টিপাতের আভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এর মধ্যে সোমবার সকাল থেকে পরবর্তী তিন দিনের জন্য সারা দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও জারি করা হয়।

আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

এদিন সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ ৭৬ মিলিমিটার বৃষ্টি ঝরেছে চট্টগ্রামের সদ্বীপে। এছাড়া চট্টগ্রামের সীতাকুণ্ডে ৬২, ফেনীতে ৫৯, সাতক্ষীরায় ৫৮, খুলনার কয়রা ও কক্সবাজারে ৫৭ মিলিমিটারসহ সারাদেশে কম-বেশি বৃষ্টি হয়েছে।

সাধারণত ২৪ ঘণ্টায় ১ থেকে ১০ মিলিমিটার বৃষ্টি হলে তা হালকা, ১১ থেকে ২২ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি, ২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে মাঝারি ধরনের ভারী, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড হলে সেটিকে বলা হয়ে থাকে অতিভারী বৃষ্টিপাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights