তাজমহল দেখতে চেয়েছিলেন পাকিস্তানি মন্ত্রী, অনুমতি দিল না ভারত

অনলাইন ডেস্ক

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে অংশ নিতে ভারত সফরে এসে তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী মুসাদিক মালিক। তবে তার সেই ইচ্ছায় সায় দেয়নি ভারত সরকার। এসসিওর নির্ধারিত কর্মসূচির বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি পাননি তিনি। ফলে তাজমহল ও নিজামুদ্দিন দরগাহ দেখা হচ্ছে না পাকিস্তানি এই মন্ত্রীর।

২০২৩ সালে গোয়ায় অনুষ্ঠিত এসসিও বৈঠকে বিলাওয়াল ভুট্টো জারদারির অংশগ্রহণের পর মুসাদিক মালিকই প্রথম পাকিস্তানি কেন্দ্রীয় মন্ত্রী, যিনি ভারত সফর করছেন। ২০২৫ সালের মে মাসে পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারত ‘অপারেশন সিঁদুর’ পরিচালনা করার পর দুই দেশের কূটনৈতিক সম্পর্কে নতুন করে উত্তেজনা তৈরি হয়। এমন পরিস্থিতিতে পাকিস্তানের কোনো মন্ত্রীর ভারত সফর ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হওয়াটাই স্বাভাবিক।

এসসিওর বৈঠকে পাকিস্তানি মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনায় ভারতের বিরোধী দলগুলো কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছে। তাদের প্রশ্ন, পেহেলগাম হামলার পর এমন কী পরিবর্তন হয়েছে যে পাকিস্তানের প্রতি ভারতের নীতিতে পরিবর্তন আনতে হলো? এ ছাড়া পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে মুসাদিক মালিকের আক্রমণাত্মক মন্তব্যের বিষয়টিও সামনে এনেছে বিরোধীরা।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত সফরের সময় আগ্রার তাজমহল ও দিল্লির নিজামুদ্দিন দরগাহ ঘুরে দেখার অনুমতি চেয়েছিলেন মুসাদিক মালিক। কিন্তু ভারত সরকার তার আবেদন নাকচ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানি মন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে, এই সফরে তিনি শুধু এসসিওর নির্ধারিত অনুষ্ঠানগুলোতেই অংশ নিতে পারবেন। এর বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার সুযোগ নেই।

২০ থেকে ২২ নভেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এসসিওর ‘সভ্যতাগত সংলাপ ফোরাম’। এই আয়োজনকে কেন্দ্র করেই ভারত সফর করছেন পাকিস্তানের জলবায়ুমন্ত্রী।

গত ২৮ অক্টোবর ভারত সরকার জানিয়েছিল, প্রচলিত রীতি অনুসরণ করে পাকিস্তানসহ এসসিওর সব সদস্যদেশকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। পরে পাকিস্তান সরকার মুসাদিক মালিকের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে।

পাকিস্তান সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘পারস্পরিক শ্রদ্ধাবোধের চেতনায় এসসিও কাঠামোর মধ্যে সভ্যতাগুলোর মধ্যে সংলাপ প্রসার এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধিতে পাকিস্তান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

২০০১ সালে সাংহাইয়ে এক শীর্ষ সম্মেলনের মাধ্যমে এসসিও প্রতিষ্ঠিত হয়। সংস্থাটির প্রতিষ্ঠাতা সদস্য ছিল রাশিয়া, চীন, কিরগিজ প্রজাতন্ত্র, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তান। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির স্থায়ী সদস্যপদ পায়। পরে ২০২৩ সালে ইরানও এর সদস্য হয়।

এর আগে ২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এসসিওর ‘কাউন্সিল অব হেডস অব গভর্নমেন্ট’-এর বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ভারতের প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

এ ছাড়া পরবর্তী এসসিও ‘কাউন্সিল অব হেডস অব স্টেট’-এর প্রস্তুতিমূলক বৈঠকে যোগ দিতে গত মাসে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক ডিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights