তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা পুনর্বাসনের ঘোষণা দিয়ে পোস্ট সরাল মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

তুরস্কে ১০ হাজার রোহিঙ্গা শরণার্থীকে পুনর্বাসনের পরিকল্পনার কথা জানিয়েছিল মালয়েশিয়া। তবে দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচির আওতায় তাদের পুনর্বাসনের ঘোষণা দেওয়া বিবৃতিটি পরে কোনো ব্যাখ্যা ছাড়াই ফেসবুক পেজ থেকে সরিয়ে নিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি।

কেন বিবৃতিটি সরিয়ে নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মালয়েশিয়ায় অফিস সময়ের বাইরে মন্তব্যের জন্য আহমাদ জাহিদের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেন, ২০১৭ সালে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের হত্যা এবং ব্যাপক যৌন সহিংসতার ঘটনা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংঘটিত গণহত্যার শামিল।

প্রাথমিক বিবৃতিতে আহমাদ জাহিদ বলেন, মালয়েশিয়ায় রোহিঙ্গা শরণার্থী পরিস্থিতি আরও ‘সমন্বিত, কার্যকর ও মানবিক’ উপায়ে মোকাবিলার জন্য সরকারের নেওয়া উদ্যোগের অংশ এই প্রস্তাব।

এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমার থেকে আসা শরণার্থীদের উপস্থিতি নিয়ে ক্রমেই অসন্তুষ্ট হয়ে উঠছে মালয়েশিয়া। দেশটির বক্তব্য, শরণার্থীদের আশ্রয় দেওয়া এখন আর্থিক বোঝা ও নিরাপত্তাঝুঁকিতে পরিণত হয়েছে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারির শেষ নাগাদ মালয়েশিয়ায় মিয়ানমারের প্রায় ১ লাখ ৯৩ হাজার নিবন্ধিত শরণার্থী ছিলেন। তাদের প্রায় দুই-তৃতীয়াংশই রোহিঙ্গা।

এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া।

সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights