‘দলের অবস্থা ভালো না, তবে পথ খুঁজে বের করতে হবে’

অনলাইন ডেস্ক
প্রিমিয়ার লিগে বহুল প্রতীক্ষিত জয়ের জন্য এল্যান্ড রোডে মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সব ধরনের প্রতিযোগিতায় ৪৯ দিনের জয়খরা তারা কাটাতে পারেনি। সব মিলিয়ে টানা ছয় ম্যাচ ও লিগে ৫ ম্যাচে জয়হীন থাকল মাইকেল ক্যারিকের দল। মাইকেল ক্যারিক অবশেষে মেনে নিতে বাধ্য হচ্ছেন, দলের অবস্থা খুব একটা সুবিধের নয়। তবে কোচ হিসেবে আশার ছবিও তো মেলে ধরতে হয় তাকে। আঁধার পেরিয়ে দল আলোয় ফিরবে বলেই বিশ্বাস তার।

ক্লাবের শীর্ষ কর্তাদের নিয়ে লিসান্দ্রো মার্তিনেসের তীব্র আক্রমণ ঘিরে এমনিতেই বিতর্কে জেরবার ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু আড়াল করতে পারত মাঠের পারফরম্যান্স। কিন্তু সেখানেও ধুঁকছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার তারা ১-১ গোলে ড্র করেছে লিডস ইউনাইটেডের সঙ্গে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ছয় ম্যাচ জয়বিহীন তারা। সবশেষ আট ম্যাচে জয় স্রেফ একটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচে মোটে সাত পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে। লিগে সবশেষ জয়টি ছিল সেই ৩০ অগাস্ট। ম্যাচের পর ক্যারিক স্বীকার করলেন, খুব ভালো অবস্থায় নেই তার দল। পাশাপাশি প্রত্যয় শোনালেন তিনি পথ খুঁজে বের করার।

“আমরা এটা বলছি না যে, সবকিছুই দারুণ চলছে। কিন্তু কখনও কখনও কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং তার মধ্য দিয়ে পথ খুঁজে বের করতে হয়। আমি বুঝতে পারছি, (দলের) অবস্থা খুব একটা ভালো না, কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে, আমরা ভালো খেলার ধারা বজায় রাখতে পারব।

“এর মধ্য দিয়েই পথ খুঁজে বের করতে হবে আমাদের। এমন একটা চক্র চলছে, যেখানে পরিস্থিতি বিভিন্ন দিকে মোড় নিতে পারে, কিন্তু ম্যাচ জেতার জন্য আমরা যথেষ্ট সক্ষম।”

লিডসের বিপক্ষে পয়েন্ট হারানোর এই ম্যাচ থেকেও ইতিবাচক অনেক কিছু পেয়েছেন বলে দাবি ক্যারিকের। গত মৌসুমের দ্বিতীয় ভাগে দারুণভাবে ঘুরে দাঁড়ানো দলটির কোচ বললেন, এবারের মৌসুমও ভারো কাটানোর ানেক সুযোগ এখনও তাদের আছে।

“আমি এখানে বসে অতীতের কোনো সময়ের সঙ্গে তুলনা করছি না। কিন্তু আমরা জানি আমরা এটা করতে পারি, আমরা বেশ কিছুদিন ধরে এটা করে আসছি এবং আমরা মনে করি, আমরা এখন আরও ভালো একটি দল।

“আজকের পারফরম্যান্সটা নিখুঁত ছিল না, কিন্তু দেখানোর মতো অনেক কিছুই ছিল। জেতিনি বলে খুব বেশি উচ্ছ্বসিত হচ্ছি না, তবে সঠিক কারণে সঠিক কাজগুলো করতে থাকলে শেষ পর্যন্ত প্রাপ্য ফল মেলেই। অনেক কিছুতেই উৎসাহের অনেক কিছু দেখছি এবং আমি মনে করি, আমরা এখনও একটি সত্যিই ভালো মৌসুম কাটাতে পারি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights