ডেঙ্গু প্রতিরোধে পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে বসুন্ধরা শুভসংঘের মশারি বিতরণ
অনলাইন ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসাধীন রোগীদের মশার কামড় থেকে সুরক্ষার লক্ষ্যে চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ১০টি মশারি বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। শনিবার (১৭ অক্টোবর) সংগঠনটির পটিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। ডেঙ্গুর ঝুঁকি মোকাবিলা, রোগীদের সুরক্ষা নিশ্চিত করা এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
মশারি বিতরণকালে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের পটিয়া শাখার উপদেষ্টা আবুল কাশেম, সদস্য মো. আবদুর রহিম খন্দকার ও মাহমুদুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ বৃহত্তর চট্টগ্রাম শাখার সভাপতি এস এম এ জুয়েল এবং পটিয়া শাখার সাধারণ সম্পাদক মো. রাইয়ান।
এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এ রোগ প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত সচেতনতা, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং এডিস মশার বংশবিস্তার রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। বিশেষ করে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত রাখাও গুরুত্বপূর্ণ।
তারা আরও বলেন, ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে এডিস মশা কামড়ানোর পর ওই মশা অন্য ব্যক্তিকে কামড়ালে ভাইরাস ছড়াতে পারে। তাই আক্রান্ত রোগীদের মশারির ভেতরে রাখা এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ডেঙ্গুর বিস্তার রোধে সহায়ক। এ ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ, রোগীর স্বজন ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বসুন্ধরা শুভসংঘের পটিয়া শাখার উপদেষ্টা আবুল কাশেম বলেন, মানুষের বিপদে ও প্রয়োজনে পাশে দাঁড়ানো মানবিকতার অন্যতম পরিচয়। অসহায় মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা তৈরি করাও সামাজিক সংগঠনগুলোর দায়িত্ব। বসুন্ধরা শুভসংঘ সেই দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকার চেষ্টা করছে। ডেঙ্গু পরিস্থিতিতে রোগীদের সুরক্ষার কথা বিবেচনা করে মশারি বিতরণের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি অন্যদেরও মানবিক ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করবে।
এ সময় তারা বাড়ির আশপাশ, ছাদ, ফুলের টব, পরিত্যক্ত পাত্রসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার আহ্বান জানান। পাশাপাশি জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা সহায়তা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় পটিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে মশারি বিতরণ কর্মসূচি আয়োজন করে সংগঠনটি।
