দাবানলের ধোঁয়ায় আমেরিকার ১৮টি অঙ্গরাজ্যে বায়ুদূষণ সতর্কতা

কানাডা প্রতিনিধি

কানাডার বিভিন্ন প্রদেশে চলমান ভয়াবহ দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলে ছড়িয়ে পড়ায় অন্তত ১৮টি অঙ্গরাজ্যে বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। ঘন ধোঁয়ার কারণে অনেক এলাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ থেকে ‘বিপজ্জনক’ পর্যায়ে পৌঁছেছে।

স্বাস্থ্য কর্মকর্তারা শিশু, বয়স্ক, গর্ভবতী নারী এবং শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত ব্যক্তিদের অপ্রয়োজনীয় বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। প্রয়োজনে বাইরে বের হলে উচ্চমানের মাস্ক ব্যবহার এবং ঘরের জানালা-দরজা বন্ধ রাখারও আহ্বান জানানো হয়েছে।

দাবানলের ধোঁয়ার প্রভাবে ডেট্রয়েট, মিনিয়াপোলিস ও শিকাগোসহ বেশ কয়েকটি শহরে বায়ুর মান উল্লেখযোগ্যভাবে খারাপ হয়েছে। এর ফলে কিছু ক্রীড়া প্রতিযোগিতা ও জনসমাগমের অনুষ্ঠানও স্থগিত বা সময় পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে কানাডার অন্টারিও প্রদেশে ভয়াবহ দাবানলের কারণে প্রত্যন্ত উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে ফেডারেল সরকারের সহায়তা চেয়েছে প্রাদেশিক সরকার।

অন্টারিওর জরুরি প্রস্তুতি বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, উত্তরাঞ্চলের অন্তত ১৫টি সম্প্রদায় ইতোমধ্যে সরিয়ে নেওয়া শুরু করেছে বা প্রস্তুতি নিচ্ছে। অনেক এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় আকাশপথে একযোগে উদ্ধার অভিযান চালানোর প্রয়োজন হতে পারে।

এদিকে দাবানলের ধোঁয়ায় টরন্টোসহ কানাডার বিভিন্ন অঞ্চল এবং যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বায়ুদূষণ বেড়েছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, ফেডারেল সরকার প্রাদেশিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights