দিনাজপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আব্দুস সালাম , দিনাজপুর প্রতিনিধি :

​দিনাজপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন (বাজাফে-৮) শহর শাখার উদ্যোগে শিক্ষা শিবির ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের পাহাড়পুর কার্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আমির মাও: মো. সিরাজুর সালেহীন বলেন, শ্রমিকরাই হলো একটি দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি। ইসলাম শ্রমিকের ঘাম শুকানোর আগেই মজুরি পরিশোধের নির্দেশ দিয়েছে। একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে শ্রমিকদের শুধু গায়ের জোরে নয়, বরং আদর্শিক জ্ঞানেও বলীয়ান হতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার কর্মপরিষদ সদস্য মো. আব্দুর রাজ্জাক। তিনি শ্রমিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
​শিক্ষা শিবিরে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলার ট্রেড বিষয়ক সম্পাদক ও জেলা নির্বাহী সদস্য মো. নাজমুল ইসলাম। তিনি সমকালীন প্রেক্ষাপটে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন সচেতনতা ও চারিত্রিক মাধুর্য বজায় রেখে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
​বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শহর শাখার সভাপতি মো. রাশেদুল ইসলাম রিপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। সভায় বক্তারা মাহে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে ব্যক্তি ও সামাজিক জীবনে তাকওয়া অর্জনের ওপর জোর দেন। আলোচনা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সুধীবৃন্দ একসঙ্গে ইফতারে শরিক হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights