পছন্দের পোশাক বেছে নিল শিশুরা কুড়িগ্রামে অসহায় ও প্রতিবন্ধী শিশুদের জন্য ব্যতিক্রমী আয়োজন ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’

কুড়িগ্রাম প্রতিনিধি: ১৩.০৩.২০২৬

ঈদকে সামনে রেখে নতুন পোশাক পাওয়ার আনন্দে মুখর ছিল কুড়িগ্রামের অসহায় ও প্রতিবন্ধী শিশুরা। অস্থায়ী স্টলে সাজানো নানা রঙের পোশাকের মধ্য থেকে নিজের পছন্দমতো জামা বেছে নেওয়ার সুযোগ পেয়ে তাদের চোখেমুখে ফুটে ওঠে অন্যরকম উচ্ছ্বাস।

শুক্রবার (১৩ মার্চ) জেলার হলোখানা ইউনিয়নের শোভার কুটি গ্রামের কুড়িগ্রাম বিশেষ বিদ্যালয়ের সামনে ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’ নামে ব্যতিক্রমী এই মানবিক আয়োজন করা হয়। গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেডের সহযোগিতায় কর্মসূচির আয়োজন করে ‘বি ওয়াই ও ইয়ুথ অর্গানাইজেশন’। এতে প্রায় তিন শতাধিক অসহায় ও প্রতিবন্ধী শিশুর হাতে ঈদের নতুন পোশাক তুলে দেওয়া হয়।

ছেলে শিশুদের জন্য শার্ট, টি-শার্ট ও পাঞ্জাবি এবং মেয়ে শিশুদের জন্য ফ্রক, কামিজসহ বিভিন্ন ধরনের পোশাক রাখা হয়। সরে জমিনে দেখা যায়, আগে থেকেই অস্থায়ী স্টল তৈরি করে নতুন পোশাকগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়। শিশুরা সেই স্টলে গিয়ে নিজের পছন্দ অনুযায়ী পোশাক বেছে নিতে পারে। পছন্দের পোশাক হাতে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে ঈদের আনন্দের হাসি।

আয়োজক সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ওই এলাকায় একটি জরিপ পরিচালনা করা হয়। এতে অসচ্ছল পরিবারের শিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রয়োজনীয়তার বিষয়টি চিহ্নিত করা হয়। সেই জরিপের তথ্য অনুযায়ী পোশাক সংগ্রহ করা হয়। পাশাপাশি অতিরিক্ত কিছু পোশাকও রাখা হয়, যাতে আরও শিশু এই উদ্যোগের সুফল পেতে পারে।

বি ওয়াই ও ইয়ুথ অর্গানাইজেশনের ফাউন্ডার জিহাদ আকন্দ বলেন, দীর্ঘদিন ধরে তাদের সংগঠন বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এবারের ‘গার্ডিয়ান ঈদ মার্কেট’ কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেছে গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড।

তিনি আরও জানান, আজ থেকে এই পোশাক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায়ও এমন আয়োজন করা হবে। আসন্ন ঈদের আগে মোট এক হাজার অসহায় শিশুর মাঝে নতুন পোশাক বিতরণের পরিকল্পনা রয়েছে।

ঈদের আগে নতুন পোশাক পেয়ে অসহায় ও প্রতিবন্ধী শিশুদের চোখেমুখে ঝিলিকানো আনন্দ এবং শিশুসুলভ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তাদের হাসিই যেন এই মানবিক উদ্যোগের সবচেয়ে বড় পুরস্কার। আয়োজকদের এমন উদ্যোগ স্থানীয়দের হৃদয়েও প্রশংসা ও উচ্ছ্বাসের ঢেউ তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights