দিনাজপুরে ১০ নভেম্বর দুদকের গণশুনানি: সরকারি দপ্তরের অনিয়ম নিয়ে অভিযোগ জানানোর আহ্বান

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি :

সরকারি দপ্তরে দিনের পর দিন অনিয়ম, দুর্নীতি আর হয়রানির শিকার হওয়া সাধারণ মানুষের জন্য ‘মুক্তির বার্তা’ নিয়ে আসছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ১০ নভেম্বর, সোমবার, দিনাজপুর জেলা শিশু একাডেমি মিলায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুদকের আয়োজনে এক মেগা গণশুনানি।

জেলায় অবস্থিত বিভিন্ন সরকারি দপ্তরে ঘাপটি মেরে থাকা দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণের অভিযোগের ভিত্তিতেই এই শুনানি গ্রহণ করা হবে। দিনাজপুর সমন্বিত দুদক জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান বুধবার সকালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের সদর দপ্তরের নির্দেশে এই শুনানি হবে, যেখানে অনিয়ম, দুর্নীতি ও জনদুর্ভোগের বিষয়গুলো সরাসরি উত্থাপন করা যাবে।

উপ-পরিচালক মো. আতাউর রহমান জেলার সরকারি দপ্তরে দুর্ভোগের শিকার হওয়া সকল নাগরিককে আগামী ৮ নভেম্বরের মধ্যে অভিযোগ দাখিল করার জন্য জোর আহ্বান জানিয়েছেন। যেন কোনো অভিযোগই বিচার থেকে বাদ না পড়ে!

এই গণশুনানির গুরুত্ব বোঝাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরাসরি শুনানি গ্রহণ করবেন দুদকের দুই কান্ডারি মহাপরিচালক (প্রতিরোধে) মো. আক্তার হোসেন এবং কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী। এই প্রথম দিনাজপুর দেখবে এত বড় পরিসরে দুর্নীতির বিরুদ্ধে সরাসরি অ্যাকশন!

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচির মূল প্রতিপাদ্যই হলো ‘আসুন দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’। এতে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, আগামী দিনের শুদ্ধতার জন্য আজকের দুর্নীতি নির্মূল জরুরি!

গণশুনানিকে সফল করতে সাধারণ মানুষের সুবিধার জন্য দিনাজপুর সদর উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ স্থানে অভিযোগ ফরম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। স্থানগুলো হলো: জেলা প্রশাসক কার্যালয়ের সামনে, শহরের লিলি মোড়, সদর উপজেলা চত্বর।

মঙ্গলবার থেকে শুরু হয়ে আগামী ৮ নভেম্বর পর্যন্ত সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই বুথগুলো খোলা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights