দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দুদকের অভিযান
আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয় ও ভর্তি ফি সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে অভিযান
পরিচালনা করেছে জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২৫) সকাল ১১টায়
দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান
চালায়।
সম্প্রতি কেন্দ্রে যন্ত্রাংশ ক্রয়ে অনিয়ম ও সরকারি ফি আত্মসাতের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে
এসব অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে জানান দুদকের কর্মকর্তারা।
অভিযান চলাকালে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে একটি মেটাট্রনিক ইন্টিগ্রেশন ট্রেনিং যন্ত্র
পাওয়া যায়, যা টেন্ডার নথিতে মেড ইন চায়না উল্লেখ থাকলেও তা মেড ইন বাংলাদেশ থেকে সংগ্রহ করা
হয়েছে। যন্ত্রটি অচল এবং এর ক্রয় সংক্রান্ত সঠিক প্রমাণপত্র দেখাতে পারেনি কর্তৃপক্ষ।
এছাড়া ডিজিটাল ইন্টারটেকি বোর্ডের চারটি যন্ত্র ৩২ লাখ টাকা দিয়ে কেনা হয়েছে বলে
কাগজপত্রে উল্লেখ রয়েছে। তবে এসব যন্ত্রের ক্রয় প্রক্রিয়ায় অসংগতি এবং অনিয়মের প্রাথমিক প্রমাণ
পাওয়া গেছে।
দুদকের সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন জানান, ২০০৬ থেকে ২০২০ সাল পর্যন্ত দায়িত্বে থাকা
অধ্যক্ষ মাসুদ রানার বিরুদ্ধে প্রায় তিন কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযানের
সময় তার কক্ষে না থাকায় তাকে তাৎক্ষণিকভাবে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
দুদকের কর্মকর্তারা জানান, অভিযানের পরিপ্রেক্ষিতে বিস্তারিত প্রতিবেদন দ্রুত প্রধান কার্যালয়ে
পাঠানো হবে। সেই সঙ্গে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।
দুদক সূত্র জানিয়েছে, দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সংশ্লিষ্ট সকল নথিপত্র যাচাই-বাছাই করা
হবে এবং অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিযানের বিষয়ে দিনাজপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি
হননি।
