দুই গণমাধ্যমের ওপর ক্ষেপলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ নিয়ে সংবাদ প্রকাশের জেরে এবার প্রভাবশালী দুই মার্কিন সংবাদমাধ্যমের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ‘রাষ্ট্রদ্রোহিমূলক’ আর সিএনএনকে ‘নির্বোধ’ বলে আখ্যায়িত করেন ট্রাম্প।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। খবরে বলা হয়, এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প দাবি করেন, ইরানকে সামরিকভাবে ‘নিশ্চিহ্ন’ করে দিয়েছেন তিনি।

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আমি প্রতিদিন পড়ি, তারা (ইরান) সামরিকভাবে কত ভালো করছে। আসলে তাদের আর কিছুই অবশিষ্ট নেই, তারা শেষ।’

নিউইয়র্ক টাইমসের ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করে ট্রাম্প বলেন, ‘আমি এসব পড়ি আর নির্বোধ সিএনএন দেখি।’

সংবাদমাধ্যমটি দেখার কারণ হিসেবে তিনি বলেন, ‘শত্রুর গতিবিধি বুঝতে এটা (সিএনএন) কিছুটা দেখতে হয়।’

ট্রাম্পের অভিযোগ, সংবাদমাধ্যম দুটি এমনভাবে প্রতিবেদন প্রকাশ করছে, যাতে মনে হয় ইরান এ যুদ্ধে জিতছে। এ বিষয়ে নিউইয়র্ক টাইমসের প্রকাশিত সংবাদের বিষয়ে তিনি বলেন, কিন্তু তারা যা করছে তা আমার মতে ‘রাষ্ট্রদ্রোহী’।

তিনি আরো বলেন, ‘আপনারা কলামিস্টদের লেখা পড়লে দেখবেন, এসব ওপরমহল থেকেই শুরু হয়। এটা খুবই ভয়ংকর বিষয়।’
ইরানের সামরিক অবস্থা তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি এসবে পরোয়া করি না, কারণ সবাই সত্য জানে। আমরা দেশটিকে (ইরান) ধ্বংস করে দিচ্ছি।’

এর আগে নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড এক নিবন্ধে উল্লেখ করেছিল যে ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী তাদের ‘শক্তি’ হারাচ্ছে।

সেখানে যুক্তি দেওয়া হয়, ছোটখাটো কিছু সাফল্য বড় কোনো জয়ে রূপ নিতে পারছে না, বরং এটি ওয়াশিংটনের অবস্থানকে দুর্বল করে দিতে পারে।

সূত্র: আনাদোলু, দ্য হিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights