ধর্ষণে অন্তঃসত্ত্বা চতুর্থ শ্রেণির ছাত্রী

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর নগরীতে নিজাম উদ্দিন (৬৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। মেট্রোপলিটন কোতয়ালী থানায় এ মামলা করেছে ভুক্তভোগীর পরিবার।

মামলা সূত্রে জানা গেছে, পিতৃহারা ভারসাম্যহীন মায়ের এই কন্যা নগরীর ধাপ শিমুলবাগ এলাকায় ফুপুর বাড়িতে থেকে লেখাপড়া করে আসছিল। চলতি বছরের ২২ মার্চ প্রতিবেশী নিজাম উদ্দিনের ছেলে নাদিম (৩০) তার বাবাকে ঘরে পান দিয়ে আসতে বলে ওই ছাত্রীকে। ঘরে পৌছানো মাত্রই ওই ছাত্রীকে নিজাম মুখ চেপে ধরে ধর্ষণ করে এবং বিষয়টি কাউকে না বলার জন্য নানা ধরনের ভয়-ভীতি দেখায়। এভাবে নিজাম উদ্দিন ওই ছাত্রীকে ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। চলতি সেপ্টেম্বরে ওই ছাত্রীর নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে জানতে পারে সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরিবারের লোকজন জিজ্ঞাসা করলে ওই ছাত্রী ধর্ষণের বিষয়টি খুলে বলে। বিষয়টি জানার পর ওই ছাত্রীর চাচা বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর মেট্রোপলিটন কোতয়ালী থানায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। বর্তমানে ওই ছাত্রীর পরিবার ধর্ষণকারীর হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি মাহফুজার রহমান বলেন, থানায় মামলা হওয়ার পর থেকে আসামি নিজাম উদ্দিন পলাতক রয়েছে। তাকে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ তাকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights