ধর্ষণ মামলায় জামিন পেয়ে ফের জাতীয় দলে লামিচানে

অনলাইন ডেস্ক

অবশেষে ধর্ষণের অভিযোগে জেল খেটে জামিনে বের হয়ে জাতীয় দলে ফিরলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দ্বীপ লামিচানে। নভেম্বরে কারাগারে যাওয়ার পর গত মাসে জামিনে মুক্ত হন তিনি। জামিন পাওয়ার পর এই ২২ বছর বয়সী লেগ স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। পরে তাকে অনুশীলন ক্যাম্পে ডাকা হয়।

যদিও লামিচানেকে জাতীয় দলে ফেরানোয় নেপালে ব্যাপক বিতর্ক এবং প্রতিবাদ শুরু হয়েছে। আগামী বৃহস্পতিবার থেকে নেপালের কীর্তিপুরে শুরু হবে স্কটল্যান্ড ও নামিবিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ। যেটা আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ ২-এর অংশ। এই সিরিজ উপলক্ষেই দলে ফেরানো হয়েছে নেপালের সবচেয়ে বড় ক্রিকেট তারকা লামিচানেকে। এর প্রতিবাদে নেপালের ক্রিকেটপ্রেমীরা ত্রিদেশীয় সিরিজ বয়কটের ডাকও দিয়েছেন।

টুর্নামেন্টের অন্য দুই দল স্কটল্যান্ড ও নামিবিয়ার পক্ষ থেকে লামিচানেকে নিয়ে বিবৃতিও দেওয়া হয়! বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগ খেলে বেড়ানো লামিচানে এখন নিজ দেশেই অজনপ্রিয়! এই লেগ স্পিনারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি ব্যাখ্যা করেছেন সিএএনের মহাব্যবস্থাপক বৃতান্ত খানাল। তিনি ক্রিকইনফোকে বলেছেন, আদালতের নির্দেশিত সকল শর্ত মেনেই লামিচানেকে ফেরানো হয়েছে।
বৃতান্ত আরও বলেন, নেপালের হয়ে দেশের বাইরে খেলতে যেতে হলে তাকে আদালতের অনুমতি নিতে হবে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন নেপালের এক কিশোরী। ওই সময় এই অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করেছিলেন লামিচানে। সূত্র : ইএসপিএন ও দ্য হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights