ধৈর্যের পরিচয় দিয়ে এ সরকারকে সহযোগিতা করতে হবে: মির্জা ফখরুল

লালমনিরহাট প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আগের তত্ত্বাবধায়ক সরকার আর বর্তমান সরকার এক না। এ সরকার এসেছে একটি সংকটময় মুহূর্তে, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। ফলে এ সরকারকে নির্বাচনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করতে হবে। এ জন্য সরকার যেন সংস্কারের বিষয়গুলো শেষ করতে পারেন সে ব্যাপারে আমাদের ধৈর্যের পরিচয় দিয়ে তাতে সহযোগিতা করতে হবে। সব সমস্যা রাজনীতিতে না নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে।’

তিনি বলেন, ‘দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন দিন, নির্বাচনই গনতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ। অন্যান্য সরকারগুলোর দিকে না তাকিয়ে আপনাদের মত করে দেশ পরিচালনা করুন এবং সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিন।’

ফখরুল বলেন, ‘দেশের সব জিনিসপত্রের দাম আকাশছোঁয়া, সেদিকে নজর দিতে হবে। এছাড়া বিতর্কিত কেউ যাতে উপদেষ্টা পরিষদে যুক্ত হতে না পারেন সেদিকেও নজর দিতে হবে। দীর্ঘ ১৭ বছরের আওয়ামী দুঃশাসন শেষে দেশের মানুষ এখন মুক্ত বাতাসের স্বাদ নিতে পারছে। জিয়াউর রহমানের চেতনাকে বুকে লালন করেই বিএনপি নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। কোনভাবেই আওয়ামী দোসররা যেন আর মাথা চাড়া দিতে না পারে সেদিকে অন্তর্বর্তী সরকারকে দৃষ্টি দিতে হবে।’
আজ মঙ্গলবার বেলা আড়াইটায় লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে ২০১৫ সাল থেকে শুরু হওয়া এ ফুটবল টুর্নামেন্টের এবারের ষষ্ঠতম প্রতিযোগিতার আজ উদ্বোধন করা হয় সদর উপজেলার বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে। রংপুর বিভাগের ৮ জেলা, রংপুর মহানগর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির ফুটবল দল এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

আজ উদ্বোধনী খেলায় গতবারের চ্যাম্পিয়ন লালমনিরহাট জেলা বিএনপি দলের সাথে নীলফামারী জেলা বিএনপি দলের খেলা অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

আজকের উদ্বোধনী এ খেলা দেখতে হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক ও বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights