নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পোরশায় ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বুধবার দুপুরে উপজেলার মশিদপুর ইউনিয়নের কাতকইল বিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে আব্দুল আজিজ (২৭) ও শফিউদ্দিনের ছেলে মাহবুর রহমান (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে গ্রামের একটি অগভীর নলকূপ (এসটিডব্লিউ) থেকে সংযোগ নিয়ে বিদ্যুৎচালিত মোটরের সাহায্যে ডোবার পানি সেচার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। মোটরটি স্থাপনের সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

দুর্ঘটনাকালে ঘটনাস্থলে অন্য কেউ ছিলেন না। তবে স্থানীয়দের ধারণা, মোটরে বিদ্যুতের তার সংযোগ দেওয়ার সময় একজন বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে বাঁচাতে গিয়ে অপরজনও দুর্ঘটনার শিকার হন।

পোরশা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়েই তিনি নিজে ঘটনাস্থলে গিয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights