নড়াইলে হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে সোবহান ফারাজী হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। রবিবার বেলা ১১টায় নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আকরাম হোসেন এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সঞ্জিব কুমার বসু।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামের মো. ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা, কামাল খাঁন, আশিকুর রহমান, ফসিয়ার মোল্যা। রায় ঘোষণার সময় ফায়জুর মোল্যা, ফারুক মোল্যা ও কামাল খান আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ এপ্রিল সকাল সাড়ে ৭টার সময় সাতবাড়িয়া গ্রামের সোবহান ফারাজী জমিতে পানি দেওয়ার জন্য স্থানীয় দোকানে ডিজেল কিনতে যান। তিনি স্লুইসগেটের পাশে পৌঁছালে প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহত সোবহানের ভাই জলিল ফারাজী বাদী হয়ে ২৬ জনকে আসামি করে কালিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) তৈয়েব আলী ২০১০ সালের ৬ অক্টোবর আদালতে অভিযোগপত্র (চার্জশীট) দাখিল করেন। ১৫ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। অন্য আসামিদের বেকসুর খালাস দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights