নতুন পে-স্কেল চলতি বছরেই বাস্তবায়ন করা হবে : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেল চলতি বছরের মধ্যেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে বেতন কাঠামোর বিভিন্ন দিক নিয়ে আরও পর্যালোচনা ও আলোচনা প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সোমবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন, ২০২৫’-এর প্রতিবেদন পর্যালোচনা ও সুপারিশ প্রণয়ন কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, পে-কমিশনের প্রতিবেদনে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। সবদিক বিবেচনায় নিয়ে আলোচনা চলছে। আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। তবে আরও কিছু বিষয়ে পর্যালোচনা প্রয়োজন রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পর তা জানানো হবে।

নবম পে-স্কেল চলতি বছরের মধ্যে কার্যকর হবে কিনা— এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছরের মধ্যেই হবে, অবশ্যই হবে। এ বছরের মধ্যেই হবে, সবই হবে।

তিনি আরও বলেন, শুধু পে-কমিশনের সুপারিশ নয়, এর সঙ্গে আরও বেশ কিছু বিষয় যুক্ত রয়েছে। বিশেষ করে জুডিশিয়াল সার্ভিসের বেতন কাঠামোসহ সংশ্লিষ্ট বিষয়গুলো সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, নতুন পে-স্কেল বাস্তবায়নে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে কিনা— এ প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, একটু একটু।

অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের আর্থিক সক্ষমতা, বাজেটের ওপর প্রভাব, মূল্যস্ফীতির পরিস্থিতি এবং সরকারি ব্যয়ের ভারসাম্যের বিষয়গুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে নতুন পে-স্কেল নিয়ে আলোচনা চলছে। পে-কমিশনের সুপারিশ, সচিব কমিটির মতামত এবং অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনার পরই চূড়ান্ত কাঠামো ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights