নাটোরে চালককে ছুরিকাঘাত করে অটোভ্যান ছিনতাই

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে আবু তালেব (৪৫) নামে এক ভ্যানচালককে ছুুরিকাঘাত করে ভ্যান ছিনতাই করে নিয়ে গেছে সশস্ত্র দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার জোয়াড়ি রামাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির জন্য প্রেরণ করা হয়। আবু তালেব লালপুর উপজেলার ওয়ালিয়া গ্রামের মৃত আবু বক্কারের ছেলে।

ভুক্তভোগীর স্ত্রী মাবিয়া বেগম জানান, তার স্বামী আবু তালেব রাত ৮টার দিকে ৪ জন পুরুষ যাত্রী নিয়ে রামাগাড়ীর উদ্দেশ্যে রওনা দেয়। রামাগাড়ী সড়কে পৌঁছানোর পর যাত্রীবেশী ওই ৪ দুর্বৃত্ত আবু তালেবের গলায় ধারাল ছুরি চালিয়ে হত্যার চেষ্টা করে ও ভ্যান ছিনতাই করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তার হাতেও ছুরি দিয়ে উপুর্যপরি আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী জানান, গলায় ছুরির আঘাতটি যে কোনো সময় বিপদ বয়ে আনতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক এস আই শরীফুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে ও আহত ভ্যান চালকের চিকিৎসার খোঁজ নেওয়াসহ ওই রাত থেকেই দুর্বৃত্তদের ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights