নিউইয়র্কে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’র নানা আয়োজন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

‘নাটক মোদের অধিকার/রুখবে নাটক সাধ্য কার’ স্লোগানে নিউইয়র্কে সাংস্কৃতিক সংগঠন ‘কৃষ্টি’র উদ্যোগে গান পরিবেশনা, প্রবাসে মঞ্চ নাটকের হাল-হকিকত নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া, ‘হাত বাড়িয়ে দাও’ নামের একটি নাটক মঞ্চস্থ হয়।

গত শনিবার কুইন্স লাইব্রেরির সহায়তায় ‘কৃষ্টি’র এ আয়োজনে ছিলেন নতুন প্রজন্মের প্রবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার বিদগ্ধজনেরা।

স্বাধীন মজুমদারের স্বাগত বক্তব্যের পর ড. জীবন বিশ্বাসের পরিচালনায় জীবনভিত্তিক বিভিন্ন নাটকের ছয়টি গান সমবেত কণ্ঠে পরিবেশন করা হয়। শিল্পী ছিলেন জীবন বিশ্বাস, সীতেশ ধর, আশালতা দেব, মুক্তা ধর, রুপালি ঘোষ, কে ধর, হ্যারলন্ড লিটন ফিলিপস, শিপ্রা দে, সীফাতউদ্দিন পলক, ক্রিস্টেলা কুইয়া, দীপা দেবনাথ ও দীপ্ত রয়।
দ্বিতীয় পর্বে অভিনেত্রী বন্যা মির্জার সঞ্চালনায় প্রবাসে মঞ্চ নাটকের হাল-হকিকত নিয়ে কথা বলেন অভিনেত্রী রোকেয়া রফিক বেবী।

তিনি তার দীর্ঘ প্রবাস জীবনে মঞ্চ নাটক মঞ্চায়ণের চ্যালেঞ্জ এবং অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। নাট্যকর্মীর সংকট না থাকলেও দর্শকের সংখ্যা বাড়েনি। নাটকের প্রতি প্রবাসীদের আগ্রহ বাড়াতে কাজ করতে হবে বলে মন্তব্য করেন অভিনেত্রী বেবী।

এরপর অরিয়ানা ফালাসির উপন্যাস ‘লেটার টু এ চাইল্ড নেভার বোর্ন’ অবলম্বনে আনু মোহাম্মদের নাটক ‘হাত বাড়িয়ে দাও’ পরিবেশিত হয়। পরিচালনা ও নির্দেশনায় ছিলেন হীরা চৌধুরী। এতে অভিনয় করেন ফেরদৌস ইতি ও হীরা চৌধুরী।

সমগ্র অনুষ্ঠানের নির্দেশনা ও সমন্বয়ে ছিলেন সীতেশ ধর, তানভির আহমেদ, শুকলা রয়, জিয়াউদ্দিন শিপন ও বন্যা মির্জা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights