নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীতে ২৭৬৩৭ জন নিয়োগ

অনলাইন ডেস্ক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীতে ২৭ হাজার ৬৩৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

সভায় জুলাই হত্যাকাণ্ডের মামলা রেকর্ড, সারা দেশের আইনশৃঙ্খলার পরিস্থিতি, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, ছিনতাই-চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা, শীর্ষ সন্ত্রাসীদের জামিনসহ নানা বিষয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের আগে আমরা পুলিশে ১৫ হাজার ৮৫১ জন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছি। বিজিবিতে ৪ হাজার ৪৬৯ জন, ৫ হাজার ৫৫১ জন আনসার, ১ হাজার ৫৫৮ জন কারা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে ২০৮ জন। এগুলো সব নতুন নিয়োগ। পুলিশের এসব নিয়োগ সাব ইন্সপেক্টর থেকে কনস্টেবল পর্যন্ত। এ ছাড়া আনসার ও বিজিবির ক্ষেত্রেও কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমরা চাই সাধারণ জনগণ বা নির্দোষ জনগণ কোনোভাবেই যেন হয়রানির শিকার না হয়। যে দোষী সে কোনো অবস্থায় ছাড়া পাবে না।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বলব না যে মব জাস্টিস এলিমিনেট (বন্ধ) হয়ে গেছে। এখনো মব হচ্ছে, যেমন কিছু দিন আগে রংপুরে একটা মব জাস্টিস হয়েছে। ঢাকাতে মব জাস্টিস কমেছে। আশপাশে কিন্তু মব জাস্টিস কিছু হচ্ছে। আমরা চেষ্টা করছি যতটা কমিয়ে আনা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights