নিষেধাজ্ঞা থেকে মুক্তি, আইপিএলে ফিরছেন কাগিসো রাবাদা

অনলাইন ডেস্ক

কয়েক দিন আগের আঁধার সরিয়ে অবশেষে আলো ঝলমল করছে কাগিসো রাবাদার ক্রিকেট আকাশে। ব্যক্তিগত কারণের ধোঁয়াশার আড়ালে চাপা পড়েছিল আসল খবর। মাদকের কালো দাগে নিষিদ্ধ হয়েছিলেন এই প্রোটিয়া পেসার। জানুয়ারিতে এসএ২০ টুর্নামেন্টের সময় নিষিদ্ধ মাদক সেবনের পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ায় এপ্রিলের শুরুতে এক মাসের নিষেধাজ্ঞার খড়গ নেমে আসে তার উপর। যে কারণে আচমকাই গুজরাট টাইটান্সের ডেরা ছেড়ে উড়াল দিয়েছিলেন দেশে।

অবশেষে সেই নিষেধাজ্ঞার মেয়াদ ফুরিয়েছে। নিষেধাজ্ঞা নমুক্ত রাবাদা ফের সবুজ ঘাসে ঝড় তুলতে প্রস্তুত। আগামীকাল মঙ্গলবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গুজরাট টাইটান্সের জার্সিতে মাঠে নামার প্রবল সম্ভাবনা তার।

সাউথ আফ্রিকা ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট (এসএআইডিএস) নিশ্চিত করেছে সেই অস্বস্তিকর সত্য। গত ২১ জানুয়ারি এমআই কেপটাউন ও ডারবান সুপার জায়ান্টসের ম্যাচের সময় ডোপ পরীক্ষায় ধরা পড়েন রাবাদা। এপ্রিলের প্রথম দিনেই পজিটিভ ফল এবং নিষেধাজ্ঞার কবলে পড়েন। তড়িঘড়ি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চ ছেড়ে ফিরতে হয় মাতৃভূমিতে।

এসএআইডিএস-এর বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে, নিষিদ্ধ ড্রাগ পরীক্ষায় পজিটিভ হওয়ার সঙ্গে সঙ্গেই রাবাদাকে বিস্তারিত জানানো হয়। ডোপিংয়ের ভয়াবহতা ও শাস্তির নিয়মাবলীও তার কাছে তুলে ধরা হয়।

তবে, ঠিক কোন ধরনের রিক্রিয়েশনাল ড্রাগের জালে জড়িয়েছিলেন রাবাদা, সেই বিষয়ে মুখ খোলেনি এসএআইডিএস। তাদের দেওয়া শাস্তি যে ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সির (ওয়াডা) নীতি মেনেই হয়েছে, তা স্পষ্ট। গত বছর নিউজিল্যান্ডের ডগ ব্রেসওয়েলও ঠিক একই ধরনের ভুলের জন্য একইরকম শাস্তি ভোগ করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights