নেত্রকোনায় বালুবাহী ট্রাক চাপায় নারীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে অটোরিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার সময় বালুবাহী ট্রাক চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় স্থানীয়রা সড়কে অবরোধ করলে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার দুপুরে দুর্গাপুর শ্যামগঞ্জ সড়কের ঝানজাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।
বালুবাহী ট্রাকের চাপায় নিহত হাজেরা খাতুন (৫০) উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের রামপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মজিবুর রহমানের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে হাজেরা গ্রামের বাড়ি থেকে অটোরিকশায় নিজ বাসা ঝাঞ্জাইলে ফিরছিলেন। উত্তর বাজারে এসে অটোরিকশা থেকে নেমে সড়ক পাড় হওয়ার সময় দ্রুতগতির একটি বালুবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে এই ঘটনায় উত্তেজিত এলাকাবাসী দুর্গাপুর শ্যামগঞ্জ সড়কে অবস্থান নিলে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।

দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights