পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ
অনলাইন ডেস্ক
পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ৯ দশমিক ৪ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ৮ থেকে ১০ কিলোমিটার।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড়ের তাপমাত্রা এখন মৃদু শৈত্যপ্রবাহের ঘরে। জানুয়ারির মাঝামাঝি তাপমাত্রা আরও কমে মাঝারি শৈতপ্রবাহে দেখা দিতে পারে বলে তিনি জানান।
এদিকে শৈত্যপ্রবাহের দরুন রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় পুরো এলাকা ঢেকে থাকতে দেখা যায়। সঙ্গে উত্তরের হিমেল হাওয়ায় রীতিমত কাবু হয়ে পড়েছেন পঞ্চগড়ের বাসিন্দারা। এতে সকাল কাজে বের হওয়া শ্রমজীবী মানুষরা বেশি ভুগছেন। অনেকেই গায়ে অতিরিক্ত কাপড় জড়িয়ে কাজ করতে হিমসিম খাচ্ছেন।
পঞ্চগড় জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান বলেন, এই শীতে জেলা প্রশাসনের বড় কাজ হলো শীতার্তদের পাশে দাঁড়ানো। জেলা প্রশাসন এই কাজগুলি নিয়মিত করে যাচ্ছে। এবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে এ জেলায় ৩০ লাখ টাকা দেওয়া হয়েছে। ইতোমধ্যে ওই অর্থ থেকে ৮ হাজার ৬৪০টি কম্বল কিনে ৫ উপজেলার ৪৩ ইউনিয়নে বিতরণ করা হয়েছে। আরও ৬৫ হাজার কম্বলের চাহিদাপত্র পাঠানো হয়েছে।
