পটুয়াখালীতে শিশু ধর্ষণচেষ্টা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার
বিশেষ প্রতিনিধি; সাকিব
পটুয়াখালীর কলাপাড়ার ডাবলুগঞ্জ ইউপি নির্বাচনী প্রচারণায় গিয়ে এক শিশুকে (১০) ধর্ষণচেষ্টার অভিযোগে দেলোয়ার তালুকদার নামে (৫০) এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১২ মার্চ) দুপুরে গ্রেফতার দেলোয়ার তালুকদারকে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।
এর আগে শনিবার (১১ মার্চ) রাত নয়টায় ধুলাসার ইউনিয়নের বাবালাতলা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা বারোটার দিকে নৌকা প্রতীকের প্রচারণা চালাতে ডাবলুগঞ্জ ইউনিয়ন পরিষদের বরকতিয়া গ্রামে যান ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ারসহ বেশ কয়েকজন কর্মী। প্রচারণার ফাঁকে কর্মীরা একটি ঘরে চা খেতে বসেন। এ সুযোগে দেলোয়ার ওই শিশুর ঘরে গিয়ে তাকে একা পেয়ে ধর্ষণ চেষ্টা চালান। পরে শিশুর ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে দেলোয়ার দৌড়ে পালিয়ে যান।
নির্যাতনের শিকার শিশুর মা দেলোয়ারের বিরুদ্ধে অভিযোগ এনে ইতোমধ্যে একটি মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, ঘটনার দিন দুপুর অনুমানিক সাড়ে ১২টার দিকে মো. দেলোয়ার তালুকদার আমাদের ঘরে প্রবেশ করে। তখন ঘরে ১০ বছরের ও ৩ বছরের দুই শিশুকন্যা ছিল। ঘরে বড়রা কেউ না থাকার সুযোগে দেলোয়ার তালুকদার প্রথমে ঘরের দরজা জানালা বন্ধ করে দেন এবং মেয়েকে যৌন নিপীড়নের চেষ্টা করেন। এ সময় তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে দেলোয়ার তালুকদার দরজা খুলে দৌড়ে পালিয়ে যান। তখন এগিয়ে আসা প্রতিবেশী চাচীকে ঘটনা খুলে বলে শিশুটি। এরপরই তিনি থানায় অভিযোগ করেন।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দাকার মো. আবুল খায়ের জানান, আমাদের কাছে শিশুটির মা অভিযোগে দেয়ার সাথে সাথে তাৎক্ষণিক মামলা রুজু করা হয়েছে। পরে অভিযান পরিচালনা করে কলাপাড়ার বাবলাতলা বাজার থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
