নারায়ণগঞ্জে রহস্যজনক বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন অন্তঃসত্ত্বা ও শিশুপুত্র

নারায়ণগঞ্জের ফতুল্লায় বহুতল ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে রহস্যজনক বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়েছেন অন্তঃসত্ত্বা কুলসুম আক্তার (৩০) ও তার তিন বছরের শিশুপুত্র খালিদ।

রোববার (১২ মার্চ) সন্ধ্যায় সদর উপজেলার মাসদাইর এলাকায় এম এস টাওয়ার নামে ১০তলা ভবনে এই দুর্ঘটনা ঘটে।

বিস্ফোরণে ফ্ল্যাটের দরজা জানালা ভেঙে যায় এবং আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে দগ্ধ কুলসুম আক্তার ও তার সন্তান খালিদকে গুরুতর অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মাগরিবের আজানের পরপরই এমএস টাওয়ারের ৬ষ্ঠ তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এ সময় আশপাশের ভবনের বাসিন্দাসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের ভবন থেকে অনেকেই গিয়ে ভবনটির অন্য ফ্ল্যাটের বাসিন্দাদের নিরাপদে নিচে নামিয়ে আনেন এবং আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ওই ফ্ল্যাট থেকে অন্তঃসত্ত্বা গৃহবধূ কুলসুম আক্তার ও তার শিশু পুত্র খালিদকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয়দের ধারণা, ওই ফ্ল্যাটে রান্নাঘরের চুলার লিকেজ থেকে গ্যাস বের হয়ে জমাট বেঁধে ছিল। সন্ধ্যায় রান্না করার জন্য গৃহবধূ চুলায় আগুন দিলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং পুরো ফ্ল্যাটে আগুন ধরে যায়।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. ফখর উদ্দিন সময় সংবাদকে জানান, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights