পদ্মায় নদীতে পুলিশের উপর হামলা, ২ এএসআই নিখোঁজ
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় কুমারখালীর পদ্মা নদীতে পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশের দুই এএসআই নিখোঁজ রয়েছেন। এছাড়াও এক এসআই ও এক ইউপি সদস্য আহত হয়েছেন।
সোমবার (২৮ অক্টোবর) রাতে শিলাইদহ ইউনিয়নের স্রীখোল এলাকায় পদ্মা নদীতে এ হামলার ঘটনা ঘটে। হামলার কারণ নিয়ে যদিও বিপরীতমূখী বক্তব্য পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে একটি নৌকায় স্থানীয় দুই ইউপি সদস্য ছানোয়ার ও আনোয়ার কুমারখালী থানার ছয়জন পুলিশকে নিয়ে পদ্মা নদীতে যায়। এ সময় অবৈধভাবে জাল ফেলে মাছ নিধন করছিল জেলেরা। পুলিশের নৌকাটি জেলেদের দিকে এগিয়ে গেলে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালিয়ে মারধর করে। এ সময় নৌকায় থাকা এএসআই সদরুল আলম ও এএসআই মুকুল হোসেন নদীতে ঝাঁপ দেয়। এরপর থেকেই তারা নিখোঁজ রয়েছেন। আর হামলার ঘটনায় আহত হয়েছেন কুমারখালী থানার এসআই মো. নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছলিম হোসেন ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন টিটন।
স্থানীয় অপর একটি পক্ষ বলছে, ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চললেও পদ্মা নদীতে প্রতিনিয়তই অবৈধভাবে শিকার করছে জেলেরা। ওই এলাকায় জেলেদের প্রধান ইয়ারুল। পদ্মায় তার নেতৃত্বে একটি বাহিনীও আছে। সোমবার ভোরে দুই মেম্বর ও ৬ পুলিশ পদ্মা নদীর বেড় কালোয়া এলাকায় নেমে অভিযানের কথা বলে কয়েকজন জেলের কাছ থেকে কিছু ইলিশ মাছ নিয়ে নদীর অন্যপ্রান্তে চলে যায়। এতে ক্ষিপ্ত হয়ে বেশ কয়েকটি নৌকায় এসে ১৫ থেকে ২০জন তাদের উপর হামলা চালায়। হামলাকারীদের মাথায় হেলমেট পড়া ছিল বলে জানা গেছে। পরে খবর পেয়ে স্থানীয় জেলেরা এস আই নজরুলসহ ৪ পুলিশ ও দুই মেম্বরকে উদ্ধার করে।
এ ঘটনায় কুমারখালীর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমাদুল হাসান বলেন, রাতে মৎস্য বিভাগের অভিযান ছিল না। পদ্মায় পুলিশ কেন গেছে তা জানি না।
তবে কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম বলছে, রাত তিনটার দিকে কুমারখালী থানা পুলিশের এসআই নজরুলের নেতৃত্বে একটি টিম কুমারখালীর ইউনিয়নের বেড়কালোয়া এলাকার পদ্মা নদীতে অভিযানে যান। এসময় পদ্মার মাঝখানে আসামিদের সাথে পুলিশের ধস্তাধস্তি হয়। এতে কুমারখালী থানা পুলিশের এএসআই সদরুল ও মুকুল নৌকা থেকে পড়ে পদ্মায় নিখোঁজ হন।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন, ওয়ারেন্টের আসামী ধরতে যেয়ে পদ্মা নদীতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়ে কুমারখালী থানা পুলিশের দুজন উপসহকারী পরিদর্শক (এএসআই) নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশের একাধিক দল নৌকা নিয়ে পদ্মায় তল্লাশি চালাচ্ছে। এছাড়াও ফায়ার সার্ভিসও নদীতে উদ্ধার তৎপরতা চালাচ্ছে।
