পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি সেনাদের ধরপাকড়ে আটক ৬ ফিলিস্তিনি
অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক কিশোরসহ ছয় ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী।
ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, স্থানীয় সময় পশ্চিম তীরের নাবলুস, তুলকারেম ও জেনিন এলাকায় এসব অভিযান চালানো হয়।
ওয়াফার প্রতিবেদনে বলা হয়েছে, নাবলুসের দক্ষিণে বেইতা শহর থেকে ১৭ বছর বয়সী মাহমুদ দাহের মাহমুদ দাউদকে আটক করা হয়েছে। এ সময় তার আটকের কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।
তুলকারেমের শুওয়েইকা এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে মাজেদ দাবাস ও তার ২০ বছর বয়সী ছেলে আহমেদ দাবাসকেও আটক করে ইসরায়েলি সেনারা। তাদের বাড়িতে অভিযান চালানোর পর বাবা-ছেলেকে আটক করে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছে ওয়াফা।
এ ছাড়া জেনিনের মাসলিয়া গ্রামে অভিযান চালিয়ে আরও তিন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। তারা হলেন, ইসাম রাসেম আবু আল-রুব, খালেদ ফারুক আবু আল-রুব ও হানি আবু আল-রুব।
এদিকে, গাজার পশ্চিম তীরে অভিযান ও গ্রেপ্তারকে কেন্দ্র করে ইসরাইল ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে অঞ্চলটিতে ইসরায়েলি সামরিক অভিযান, ফিলিস্তিনিদের গ্রেপ্তার এবং সহিংসতার ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমালোচিত হয়েছে।
তথ্যসূত্র : আল-জাজিরা
