পাথরঘাটায় বিদ্যুৎস্পৃষ্টের পর খাল থেকে জেলের মরদেহ উদ্ধার
বরগুনা প্রতিনিধি
ট্রলার ধুয়ে প্রস্তুত করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে নিখোঁজ হন দেলোয়ার হোসেন (৫০) নামের এক জেলে। নিখোঁজ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বিষখালী নদীসংলগ্ন বাদুরতলার খাল থেকে ওই জেলের মরদেহ উদ্ধার করা হয়। তিনি প্রায় তিন মাস আগে পাথরঘাটায় ট্রলারের জেলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে আনসার খানের মালিকানাধীন এফবি সীমা নামের ট্রলারটি ধোয়া-মোছার কাজ করার সময় এ ঘটনা ঘটে।
মৃত দেলোয়ার হোসেন বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের একই গ্রামের জয়নাল খলিফার ছেলে। এ ঘটনায় আহত অপর জেলে বাচ্চু হাওলাদার (৫০) পাথরঘাটা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজেম হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও দেলোয়ারের সহকর্মী জেলে সরোয়ার হোসেন জানান, রাত ১২টায় মা ইলিশ রক্ষায় ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হবে। এর আগেই জেলেরা মিলে ট্রলারটি ধুয়ে-মুছে প্রস্তুত করছিলেন। এ সময় খালের পাড়ের একটি ঘর থেকে সাবমার্সিবল পাম্প চালানোর জন্য বিদ্যুতের সংযোগ দিয়ে কাজ করার সময় হঠাৎ দেলোয়ার হোসেন তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খালের পানিতে পড়ে যান। এ সময় বাচ্চু নামের আরেক জেলেও আহত হন।
তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে তাঁরা পানিতে ঝাঁপিয়ে পড়ে অনেক খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয় এক ডুবুরি পানিতে নেমে দেলোয়ারকে মৃত অবস্থায় উদ্ধার করেন। আহত বাচ্চুকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি আব্দুল আলীম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা মর্গে পাঠানো হয়েছে।
