পিছিয়ে গেল মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ

অনলাইন ডেস্ক

খারাপ আবহাওয়ার কারণে বিশ্বকাপের শেষ ষোলোর বহুল প্রতীক্ষিত মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দিয়েছে ফিফা। রবিবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি এবং ভারী বৃষ্টির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৬টার পরিবর্তে ম্যাচটি শুরু হবে সকাল ৭টায়।

ফিফা জানিয়েছে, খেলোয়াড়, কর্মকর্তা, সমর্থক এবং স্টেডিয়ামে উপস্থিত সবার নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ম্যাচ শুরু করা হবে না।

এ নিয়ে চলতি বিশ্বকাপে আবহাওয়ার কারণে মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় দ্বিতীয়বারের মতো ম্যাচের সময়সূচিতে পরিবর্তন এলো। এর আগে শেষ বত্রিশে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর ম্যাচও ঝড়-বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি।

এর আগে সম্ভাব্য প্রতিকূল আবহাওয়ার কথা বিবেচনা করে ম্যাচটি কয়েক ঘণ্টা এগিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছিল। তবে দুই দলের সঙ্গে পরামর্শ শেষে ফিফা মূল সূচি বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল। শেষ পর্যন্ত আবহাওয়ার অবনতির কারণে কিকঅফ এক ঘণ্টা পিছিয়ে দিতে বাধ্য হয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

ঘরের মাঠে দুর্দান্ত ছন্দে রয়েছে মেক্সিকো। চলতি বিশ্বকাপে নিজেদের মাঠে খেলা চারটি ম্যাচেই জয় পেয়েছে তারা, পাশাপাশি কোনো গোলও হজম করেনি। এস্তাদিও আজতেকাতেও তাদের রেকর্ড ঈর্ষণীয় এই মাঠে খেলা ৮৯ ম্যাচের মধ্যে মাত্র দুইটিতে হার দেখেছে স্বাগতিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights