পীরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের পরিচ্ছন্নতা অভিযান

অনলাইন ডেস্ক
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন ও মশামুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বসুন্ধরা শুভসংঘ। বুধবার (৯ সেপ্টেম্বর) উপজেলার ভোমরাদহ এলাকার রেলস্টেশন পাড়ায় বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সংগঠনের বন্ধুরা রেলস্টেশন পাড়া ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান।

অভিযানে রাস্তার পাশে ও বসতবাড়ির আশপাশের ঝোপঝাড়, পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। পাশাপাশি বৃষ্টির পানি জমে এডিস মশার বংশবিস্তার ঘটতে পারে- এমন স্থান চিহ্নিত করে পানি অপসারণ ও নিয়মিত পরিষ্কার রাখার বিষয়ে স্থানীয়দের সচেতন করা হয়।

শুভসংঘের বন্ধুরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে মশার প্রজননস্থল ধ্বংস করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়িঘর, ছাদ, ড্রেন, নালা ও আশপাশে পানি জমতে দেওয়া যাবে না। শুধু ওষুধ ছিটানো বা মশারি ব্যবহারের ওপর নির্ভর না করে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করতে হবে। একইসঙ্গে ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখার দায়িত্ব নিতে হবে। একটি বাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি পুরো মহল্লার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সম্মিলিতভাবে কাজ করা জরুরি।

বসুন্ধরা শুভসংঘ পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি তারেক হোসেন বলেন, সচেতনতা তৈরির পাশাপাশি বাস্তবভিত্তিক কার্যক্রমের মাধ্যমে পরিচ্ছন্নতার গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির উদ্দেশ্য। সারাবছর পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে হবে।

সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তিগত বিষয় নয়, এটি সামাজিক দায়িত্ব। সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।

কর্মসূচিতে পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক মামুনুর রশিদ মিন্টু, বসুন্ধরা শুভসংঘের সদস্য বেলাল হোসেন, গোলাম রব্বানী, রেজাউল ইসলাম, সুকদেব সাহা, শিমুল, ফারুক হোসেন, আশরাফুল ইসলাম ও মিতুসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুরু হোক নিজের ঘর ও নিজের এলাকা পরিষ্কার রাখার মধ্য দিয়ে। নিয়মিত পরিচ্ছন্নতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল কমিয়ে ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights