প্রতিপক্ষ গোলরক্ষকের ধাক্কায় হাসপাতালে ফুটবলার
অনলাইন ডেস্ক
স্পেনের দ্বিতীয় বিভাগের ফুটবল ম্যাচে প্রতিপক্ষ গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেল। সোমবারের (২ নভেম্বর) ম্যাচের শেষ দিকে এ ঘটনা ঘটে। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
ম্যাচের শেষ মুহূর্তে মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অ্যান্ডোরার গোলরক্ষক হেসুস ওওনোর সঙ্গে সংঘর্ষ হয় ৩০ বছর বয়সী দে মিগেলের। এ সময় গোলরক্ষকের আঘাত তার বুকে লাগে। পরে তিনি মাঠেই হৃদ্রোগে আক্রান্ত হন।
ঘটনার পর ১০৮ মিনিটে ২-২ গোলে সমতায় থাকা ম্যাচটি স্থগিত করা হয়। সংঘর্ষের ঘটনায় লাল কার্ড দেখেন অ্যান্ডোরার গোলরক্ষক ওওনো।
টেনেরিফ ক্লাবের এক বিবৃতিতে জানানো হয়েছে, গুরুতর শারীরিক অবস্থার মধ্যেও দে মিগেল স্থিতিশীল রয়েছেন। তাকে সান্তা ক্রুজের হসপিতাল ইউনিভার্সিতারিও দে নুয়েস্ত্রা সেনিওরা দে কান্দেলারিয়ার নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
এদিকে স্পেনের ফুটবল ফেডারেশনসহ দেশটির প্রথম বিভাগের কয়েকটি ক্লাব দে মিগেলের দ্রুত সুস্থতা কামনা করেছে।
২০১৫ সালে লেগানেস ‘বি’ দলের হয়ে পেশাদার ফুটবলে অভিষেক হয় দে মিগেলের। এরপর স্পেনের আরও আটটি ক্লাবে খেলেছেন তিনি। গত বছর যোগ দেন টেনেরিফে।
