প্রথমবার জুটি বাঁধছেন সাইফ-কিয়ারা

শোবিজ ডেস্ক
বলিউডপ্রেমীদের জন্য এক ধামাকাদার খবর নিয়ে আসছে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি। ভারতীয় রুপালি পর্দায় এই প্রথমবার একসঙ্গে থ্রিলারধর্মী চলচ্চিত্রে জুটি বাঁধতে যাচ্ছেন জনপ্রিয় দুই তারকা সাইফ আলী খান ও কিয়ারা আদভানি। রহস্য ও অলৌকিক ঘটনার মিশ্রণে তৈরি একটি নতুন ঘরানার সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় তাদের দেখা যাবে।

আকর্ষণীয় বিষয় হলো, বলিউডের খ্যাতিমান চিত্রনাট্যকার ও প্রযোজক কণিকা ধিলন এই সিনেমাটির মাধ্যমেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। নাম না ঠিক হওয়া এই বিগ বাজেট প্রকল্পটি যৌথভাবে প্রযোজনা করছে এক্সেল এন্টারটেইনমেন্ট।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদন সূত্রে জানা গেছে, চলচ্চিত্রটির প্রাথমিক কাজ বর্তমানে পুরোদমে চলছে এবং সাইফ ও কিয়ারার কথা মাথায় রেখেই বিশেষ চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। চলতি বছরের শেষের দিকেই সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা করছেন নির্মাতারা। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে যে, কণিকার পরবর্তী ছবির জন্যই মূলত সাইফ ও কিয়ারাকে যুক্ত করা হয়েছে। গল্পটি একটি রহস্যঘন ও অলৌকিক থ্রিলার ধাঁচের, যার মূল চিত্রনাট্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন কণিকা, এক্সেল এন্টারটেইনমেন্ট ও পুরো রাইটিং টিম। পুরো চিত্রনাট্য চূড়ান্ত হওয়ার পর দ্রুতই সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

হিন্দি চলচ্চিত্রশিল্পে সুপরিচিত নাম কণিকা ধিলন এর আগেও ব্যতিক্রমী গল্প ও শক্তিশালী নারী চরিত্র নির্মাণের জন্য প্রশংসিত হয়েছেন। তিনি মানমারজিয়াঁ, কেদারনাথ, জাজমেন্টাল হ্যায় কেয়া, হাসিন দিলরুবা, রশমি রকেট, রক্ষা বন্ধন এবং দুঙ্কির মতো জনপ্রিয় চলচ্চিত্রের গল্প ও চিত্রনাট্য লিখেছেন। বিশেষ করে ‌‘হাসিন দিলরুবা’ এবং এর সিক্যুয়েল ‘ফির আই হাসিন দিলরুবা’-তে প্রেম, সম্পর্ক ও রহস্যের জটিল বুনন তৈরি করে থ্রিলার ধারায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন তিনি। এ ছাড়া নিজস্ব প্রযোজনা সংস্থা ‘কথা পিকচার্স’-এর অধীনে তিনি জনপ্রিয় ছবি ‘দো পাত্তি’ প্রযোজনা ও রচনা করেছেন।

এদিকে, কিয়ারা আদভানি ও সাইফ আলী খান দুজনেই বর্তমানে বেশ কিছু বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন। কিয়ারাকে সামনে দেখা যাবে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-এ, যেখানে দক্ষিণী তারকা যশ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন। পাশাপাশি নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্তকে দেখা যাবে ছবিটিতে। আগামী ২৬ আগস্ট বিশ্বজুড়ে ‘টক্সিক’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অন্যদিকে, সাইফ আলী খান অভিনীত পরবর্তী সিনেমা ‘হাইওয়ান’, যা প্রিয়দর্শন পরিচালিত একটি ক্রাইম থ্রিলার। এটি প্রিয়দর্শনের ২০১৬ সালের মালয়ালম হিট ছবি ‘ওপাম’-এর রিমেক, যা কেভিএন প্রডাকশন্স ও থেসপিয়ান ফিল্মসের ব্যানারে নির্মিত হচ্ছে। এতে অক্ষয় কুমার, বোমান ইরানি, শ্রিয়া পিলগাঁওকর ও সাইয়ামি খেরের মতো তারকা অভিনয় করছেন।

সূত্র: নিউজ১৮

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights