প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সেজেছে খুলনা নগরী
নিজস্ব প্রতিবেদক, খুলনা
রংতুলির ছোঁয়ায় ও নান্দনিক আল্পনায় নতুন রূপে সেজে উঠছে খুলনা শহর। নগরীর বিভিন্ন দেওয়ালে ফুটিয়ে তোলা হচ্ছে খুলনার দীর্ঘদিনের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতির নানা প্রতিচ্ছবি। শিল্পীদের আঁকা রংবেরঙের আল্পনা চিত্রকর্ম এরই মধ্যে নগরবাসীর নজর কেড়েছে। সেই সঙ্গে ফুটপাত দখলমুক্ত করা, যানজট নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও শহরজুড়ে সৌন্দর্যবর্ধনের কাজ চলছে জোরেশোরে। জানা যায়, ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসছেন। তিনি খুলনা জেলা স্টেডিয়াম থেকে জাতীয় শিশু-কিশোর প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর উদ্বোধনী পর্বের সূচনা করবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে শহরকে নতুন রূপে সাজাতে উদ্যোগ নিয়েছে সিটি করপোরেশন। নগরীকে পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও দৃষ্টিনন্দন করে গড়ে তোলার লক্ষ্যে চলছে নানা কার্যক্রম।
নাগরিক সংগঠন খুলনা নাগরিক ফোরামের সদস্যসচিব এস এম ইকবাল হাসান তুহিন বলেন, এই পরিচ্ছন্ন নগরী আমরা খুলনাবাসী সারা বছর ধরে দেখতে চাই। একটি দিন সামনে রেখে শুধু খুলনাকে সাজিয়ে তুলতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে এমনটি নয়। খুলনাবাসী চায় যে অবৈধ স্থাপনা এখন তোলা হচ্ছে এগুলো যেন সারা বছরে না থাকে। আমরা চাই যানজটমুক্ত পরিচ্ছন্ন নগরী। সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, সারা শহরেই পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। অঙ্কন শিল্পী দিয়ে বিভিন্ন দেওয়ালে প্রধানমন্ত্রীর বার্তা তুলে ধরা হয়েছে। শিল্প-সংস্কৃতি খুলনার বিভিন্ন ঐতিহ্য দেওয়ালে রংতুলিতে ফুটিয়ে তোলা হয়েছে। এটি পরিচ্ছন্ন খুলনার একটা দৃষ্টান্ত হয়ে থাকবে।
