ফরিদপুরে গাছ চুরির অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সনের ঘনিষ্ঠ সহযোগী মোস্তফা মৃধাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মোস্তফা মৃধার বিরুদ্ধে সরকারি গাছ চুরি, বালু লুটের অভিযোগ রয়েছে। এছাড়া সদরপুরে আলোচিত শিশু রাফসান হত্যা মামলার প্রধান আসামিও। মোস্তফা মৃধার গ্রেফতার এলাকার মানুষের জন্য স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর প্রভাব খাটিয়ে এলাকায় নানা অন্যায় অপকর্মের সাথে জড়িয়ে পড়েন আওয়ামী লীগ নেতা মোস্তফা মৃধা। সদরপুরে তার ছিল নিজস্ব একটি বাহিনী। এ বাহিনীর নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাবাসী ছিল অতিষ্ঠ। এমপির প্রভাব খাটিয়ে সরকারি জায়গা দখল, আড়িয়াল খাঁ নদ থেকে বালু লুট, সরকারি গাছ কেটে নেয়াসহ হামলা-মামলা ছিল তার কাছে নিত্য নৈমিত্তিক ব্যাপার। ঢেউখালী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মিজানুর রহমান বয়াতির শিশু পুত্র রাফসানকে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি ছিল সে। গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সে গা ঢাকা দেয়। সম্প্রতি, মোস্তফা মৃধার বিরুদ্ধে সড়ক থেকে সরকারি গাছ চুরির মামলা করেন সহকারী (ভূমি) কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
সদরপুর থানার ওসি মোঃ আঃ মোতালেব হোসেন জানান, সরকারি গাছ চুরির অভিযোগে মোস্তফা মৃধাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা, মারপিটসহ থানায় একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights