ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে মাল্টা: প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা

অনলাইন ডেস্ক

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ভূমধ্যসাগরে অবস্থিত দক্ষিণ ইউরোপের দ্বীপ দেশ মাল্টা। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা এ ঘোষণা দিয়েছেন।

রবিবার (২৫ মে) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমা আনাদোলু এজেন্সি (এএ) তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রবিবার এক রাজনৈতিক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী রবার্ট অ্যাবেলা ঘোষণা দেন, আগামী মাসেই ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেবে তার দেশ।

অনুষ্ঠানে তিনি স্থানীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন, যার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেন গাজায় চলমান মানবিক সংকটের ওপর।

মাল্টা টুডে পত্রিকার বরাতে জানা যায়, গাজায় ইসরায়েলের লাগাতার বোমাবর্ষণের প্রসঙ্গে প্রধানমন্ত্রী অ্যাবেলা বলেন, “এই মানবিক ট্র্যাজেডির দিকে আমরা চোখ বন্ধ রাখতে পারি না, যা প্রতিদিন আরও ভয়াবহ হয়ে উঠছে।”

তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া মাল্টার নৈতিক দায়িত্ব এবং আগামী ২০ জুন এক আন্তর্জাতিক সম্মেলনের পর এই স্বীকৃতি কার্যকর হবে।

প্রধানমন্ত্রী অ্যাবেলা আরও বলেন, তিনি বিশেষভাবে মর্মাহত হয়েছেন সেই ভয়াবহ ঘটনায়, যেখানে গাজার দক্ষিণের খান ইউনূস শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় ফিলিস্তিনের শিশু চিকিৎসক ডা. আলা আল-নাজ্জারের ৯ সন্তান নিহত হয়েছেন। হামলায় ডাক্তারের স্বামীও গুরুতর আহত হন এবং এখন একমাত্র জীবিত সন্তান মা-বাবা, ভাইবোন হারিয়ে শোক বয়ে বেড়াচ্ছে।

প্রধানমন্ত্রী অ্যাবেলা জানান, মাল্টা সরকার ডা. আলা আল-নাজ্জার ও তার পরিবারকে স্বাগত জানাতে প্রস্তুত।

উল্লেখ্য, মাল্টা ইতোমধ্যে একটি ফিলিস্তিনি দূতাবাসকে স্বাগতম জানিয়েছে এবং গত বছরের এপ্রিল মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকে সমর্থন জানিয়েছে। তবে এখনো দেশটি আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। সূত্র: আনাদোলু এজেন্সি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights