ফুটওভার ব্রিজের দাবিতে কুমিল্লায় মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি এলাকায় মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসময় মহাসড়কের উভয়পাশে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে দেড় ঘণ্টার বেশি সময় মহাসড়ক অবরোধ করে রাখা হয়। ফুটওভার ব্রিজের দাবিতে হাসানপুর শহীদ নজরুল সরকারি ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের এ অবরোধ করে।

অবরোধের খবরে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জিয়াউর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) এনায়েত কবীর সোয়েব, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শাহীনূর ইসলাম।
শিক্ষার্থীরা জানান, গত ৯ জানুয়ারি মহাসড়কের হাসানপুরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় হাসানপুর শহীদ নজরুল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৭) নিহত হয়। ওইদিনও আমরা ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়কটি অবরোধ করেছিলাম। ওইসময় আমাদেরকে একসপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। ফুটওভার ব্রিজের কাজ শুরু না হওয়ায় আজকে আমাদেরকে আবারও সড়ক অবরোধ করতে হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম বলেন, অবরোধকারী শিক্ষার্থীদের দাবির বিষয়টি তাৎক্ষনিক মুঠোফোনে স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুরকে অবগত করলে তিনি মুঠোফোনেই শিক্ষার্থীদের সাথে কথা বলে শীঘ্রই ফুটওভার ব্রিজের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করেন। আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান। এখন যানচলাচল স্বাভাবিক আছে।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর মুঠোফোনে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার জন্য কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ইতিমধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি অফিসিয়াল প্রসেসিংয়ে রয়েছে। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights