ফের ট্রেনে পাথর নিক্ষেপ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ট্রেনে দুর্বৃত্তদের ছোড়া পাথরের আঘাতে আয়কর আইনজীবীর চোখ হারানোর ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনে বাইরে থেকে ছোড়া পাথরের আঘাতে নাইমুল হাসান নামে এক যাত্রী আহত হয়েছেন। তার মাথায় ৫টি সেলাই দিতে হয়েছে।
বুধবার (২৪ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার এলাকায় পৈরতলার কাছে এ ঘটনা ঘটে। আহত নাইমুল হাসান ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহী হিসাবরক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী নাইমুল হাসান জানান, মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে প্রবেশের সময় তিনি নামার প্রস্তুতি নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ বাইরে থেকে ছোড়া একটি পাথর তার মাথায় এসে লাগে। এতে সঙ্গে সঙ্গে মাথা ফেটে রক্তক্ষরণ শুরু হয়। পরে সহযাত্রীরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসা শেষে চিকিৎসকরা তার মাথায় ৫টি সেলাই দেন বলে জানা গেছে।
ঘটনার পর ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় যাত্রীদের অভিযোগ, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা নতুন নয়। অতীতেও এ ধরনের ঘটনা ঘটলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহ আলম বলেন, ট্রেনে পাথর নিক্ষেপে এক যাত্রী আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
