ফ্যাসিবাদে জড়িতদের দ্রুত বিচার হলেই শৃঙ্খলা ফিরবে

নিজস্ব প্রতিবেদক
পুলিশের যেসব সদস্য ও কর্মকর্তার বিরুদ্ধে ফ্যাসিবাদের সঙ্গে সংশ্লিষ্টতা, বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা সুনির্দিষ্ট অপরাধের অভিযোগ ও মামলা রয়েছে, তাদের বিরুদ্ধে বলপ্রয়োগের পরিবর্তে আইনের শাসনের আওতায় দ্রুত বিচার নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে তিনি এ মতামত ব্যক্ত করেন। সাবেক আইজিপি বলেন, বলপ্রয়োগ বা তাৎক্ষণিক অভিযানের মাধ্যমে কোনো বিষয়ের স্থায়ী সমাধান আসে না; বরং এতে ক্ষোভ ও জেদ আরও বাড়তে পারে। তাই অপরাধে অভিযুক্ত পলাতক ব্যক্তিদের পাশাপাশি বাহিনীর ভিতরে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত শেষ করে আইনানুগ বিচার ও সাজা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও উল্লেখ করেন, শহীদদের মামলাসহ অন্যান্য অপরাধের বিচার দ্রুত সম্পন্ন হলে বাহিনীর ভিতরে থাকা অপরাধের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরাও সতর্ক হবে এবং এর ফলে অপতৎপরতা উল্লেখযোগ্যভাবে কমে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) বিচার সম্পন্ন হওয়ার হার অত্যন্ত কম উল্লেখ করে তিনি এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার মতে, শহীদদের মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় ধীরগতির সুযোগ নিয়ে অভিযুক্তরা বিচারহীনতার পার পেয়ে যাচ্ছে। তাই যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আটক বা শারীরিকভাবে আঘাত করার পথ পরিহার করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত সাজা নিশ্চিত করাই সবচেয়ে কার্যকর পথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights