ফ্যাসিস্ট আমলে অর্থ অপচয় করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক
স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে জনগণের অর্থ অপচয় করে ও দুর্নীতির হাতিয়ার তৈরি করে পুরো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে ফেলা হয়েছে।

শনিবার দুপুরে সাভারের ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’র অবকাঠামো পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে দায়িত্ব নেওয়ার পর বর্তমান সরকার এই ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা পেয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গত বছরের ২৫ ডিসেম্বর কোটি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে দেশে ফিরে স্পষ্ট ঘোষণা দিয়েছিলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। সেই পরিকল্পনার অংশ হিসেবেই বিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন এবং স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন করে সাজিয়ে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কাজ চলছে।

ড. মুহিত বলেন, বর্তমান সরকার আর জনসভার রাজনীতি করবে না বরং জনসেবার রাজনীতি করবে এবং জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমস্ত দুর্নীতি ও অনাচার প্রতিহত করে এই দেশকে গড়ে তুলবে।

তিনি বলেন, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সব সংস্কার কাজ শেষ করে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট’ পুরোপুরি প্রস্তুত করা হবে এবং পয়লা জানুয়ারি থেকে এখানে চিকিৎসকদের প্রশাসনিক প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলের অব্যবস্থাপনা ও অবহেলায় পড়ে থাকা এই প্রতিষ্ঠানকে দেশের চিকিৎসকদের দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার একটি জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে রূপ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights