বইমেলায় আসছে জবি শিক্ষার্থীর ‘স্কলারস’

জবি প্রতিনিধি

বাংলাদেশের তথাকথিত মেধাবীদের প্রত্যাহিক জীবনের বাস্তব চিত্র নিয়ে লেখা উপন্যাস ‘স্কলারস’। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণিত বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সোহাগ ঘোষের লেখা উপন্যাসটি প্রকাশিত হচ্ছে অমর একুশে বইমেলায়।

‘স্কলারস’ বইটি প্রকাশিত হচ্ছে ভাষাচিত্র প্রকাশনী থেকে। বইমেলায় প্যাভিলিয়ন ৩২ থেকে বইটি পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম এবং বইটির প্রচ্ছদ মূল্য ৩০০ টাকা। দ্বিতীয় সপ্তাহ থেকে বইমেলায় এবং দেশের বিভিন্ন স্থান থেকে রকমারিতে প্রি-অর্ডারে পাওয়া যাবে এই বইটি।

বইটি প্রকাশিত হওয়ার পূর্বেই পাঠকদের আকর্ষণ কেড়েছে। লেখাপড়া, গবেষণা বাদ দিয়েই কেটে যায় অধিকাংশ শিক্ষার্থীর শিক্ষাজীবন। তারপর সরকারি চাকরি নামক সোনার হরিণের পিছে ছুটতে গিয়ে ভুলে যায় সামাজিক দায়বদ্ধতার কথা। ভুলে যায় বিশুদ্ধ জ্ঞানের চর্চা। কিন্তু ‘দীপ্ত’ নামক চরিত্রটি সে স্রোতে গা ভাসিয়ে দেয়নি।

উপন্যাসে দীপ্ত নিজেকে শিল্পী হিসেবে দাবি করে। কিন্তু শিল্পীর যে স্বাধীনতা তা সে পায় না। মেস লাইফের নানান অপ্রয়োজনের ঘূর্ণিপাকে অতিষ্ঠ জীবন, চারপাশের পরিবেশের নানান অনিয়ম তাকে প্রভাবিত করে। এভাবেই দীপ্ত চরিত্রটিকে ফুটিয়ে তুলেছে সোহাগ ঘোষ।

সোহাগ ঘোষ দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত। গণিত বিভাগে পড়াশোনা করলেও বাংলা ভাষা সাহিত্য ও ইতিহাস নিয়ে প্রবল আগ্রহ তাঁর। আর তাইতো সোহাগ ঘোষের মনের আকাশে গণিতের স্থানে জায়গা করে নিয়েছে ইতিহাস ও সাহিত্য। সহজ সাবলীল ভাষায় তার প্রতিটা লেখা পাঠক মনকে ভীষণভাবে ছুঁয়ে যাবে বলে লেখক প্রত্যাশা করেন।

নতুন বইয়ের বিষয়ে সোহাগ ঘোষ বলেন, ‘বইটি এখনও বইমেলায় আসেনি। কিন্তু বইটি নিয়ে পাঠকদের আগ্রহ আমাকে আপ্লুত করেছে। বইটি দ্বিতীয় সপ্তাহ থেকেই ভাষাচিত্র প্রকাশনীর ৩২ নং প্যাভিলিয়নে পাওয়া যাবে।’

ভাষাচিত্র প্রকাশনীর প্রকাশক খন্দকার সোহেল বলেন, ‘একজন তরুণ ও নবীন লেখক হিসেবে সোহাগ ঘোষের স্কলারস বইটি আমার অনেক ভালো লেগেছে বলেই প্রকাশ করেছি। আশা করছি বইটি বইমেলায় এলে ভালো কিছু করবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights