বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক

বগুড়ায় মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিলা এরুলিয়া জিলাদার পাড়ার মৃত শবদুল ঠিকাদারের ছেলে।

জানা গেছে, মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে মাংস বিক্রির জন্য নিজ বাড়ি থেকে গোদার পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে সন্ত্রাসীদের হামলার শিকার হন। এসময় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কোপাতে থাকে। একপর্যায়ে মিরাজুলের ডান হাতের কবজি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে সন্ত্রাসীরা। মিরাজুল প্রাণে বাঁচতে এরুলিয়া জেলাদারপাড়ায় বড় মসজিদে ঢুকে পড়েন। এ সময় মসজিদের মুসল্লিরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, কয়েকদিন আগে স্ত্রীর সাথে পরকীয়া সন্দেহে মিরাজুল এক যুবককে মারপিট করেছিল। মারপিটে ওই যুবকের হাত ভেঙে যায়। পরে এ ঘটনার জেরে সন্ত্রাসীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। তিনি আরো জানান, হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা গেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights