বসুন্ধরায় আন্তর্জাতিক ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ টেস্ট দল এখন অস্ট্রেলিয়ায়। ডারউইন ও ম্যাকেইতে সাদা পোশাকে দুটি টেস্ট খেলবেন নাজমুলরা। দুটি টি-২০ ও তিনটি ওয়ানডে খেলতে আইসিসি সহযোগী দেশ মালয়েশিয়া গতকাল ঢাকায় পা রেখেছে। ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের ভেন্যু হচ্ছে বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট গ্রাউন্ড। কিছুদিন আগে শেষ হওয়া ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের অনেক খেলা অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরায়। এবার মালয়েশিয়া জাতীয় দল ওয়ানডে খেলবে। বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে দলটি। বসুন্ধরা ক্রিকেট মাঠে ওয়ানডে তিনটি যথাক্রমে ১২, ১৪ ও ১৬ আগস্ট। আইসিসি সহযোগী দেশটি শুধু ওয়ানডে সিরিজ নয়, দুই ম্যাচের টি-২০ সিরিজও খেলবে। টি-২০ সিরিজ দুটি মিরপুর স্টেডিয়ামে বসবে ৮ ও ১০ আগস্ট। টি-২০ সিরিজে সফরকারীদের প্রতিপক্ষ বাংলাদেশ হাইপারফরম্যান্স ইউনিট (এইচপি)। টি-২০ সিরিজের জন্য এস এম মেহেরব হাসানকে অধিনায়ক করে শক্তিশালী দল গড়েছে। ওয়ানডে স্কোয়াড ঘোষণা করেনি এখনো। এইচপি স্কোয়াডে জাতীয় দলে খেলার অভিজ্ঞতাপূর্ণ ক্রিকেটার ৩৪ বছর বয়সি সাব্বির রহমান, আবদুল গাফফার সাকলায়েন, শামীম হোসেন পাটোয়ারী, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী। মালয়েশিয়ার বিপক্ষে এইচপি মূলত ম্যাচ খেলছে এশিয়ান গেমসকে টার্গেট করে। জাপানে বসবে এশিয়ান গেমস। সেখানে টি-২০ ইভেন্টে অংশ নিয়ে খেলবে। আসরে ১০ দল অংশ নেবে। বাংলাদেশ সরাসরি খেলবে কোয়ার্টার ফাইনাল। বাংলাদেশ ছাড়া ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। বাংলাদেশের নারী দলও সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে।
সফরে মালয়েশিয়া দলকে নেতৃত্ব দেবেন সৈয়দ আজিজ বিন সৈয়দ মুবারক। তার আরেক পরিচয়, তিনি বাংলাদেশের জামাই। তিন বছর আগে বিয়ে করেছেন চট্টগ্রামের মেহেদিবাগের মেয়ে রওনাক নওয়ারকে। ২৭ বছর বয়সি আজিজ মালয়েশিয়ার সফল ক্রিকেটারদের একজন। বাঁ-হাতি সিমিং অলরাউন্ডার কোনো ওয়ানডে খেলেনি। টি-২০ খেলেছেন ১২৮টি। এক সেঞ্চুরি ও ২২ হাফ সেঞ্চুরিতে রান করেছেন ৩০২৬ এবং উইকেট নিয়েছেন ৭৬টি। মালয়েশিয়া দলে রয়েছেন বাংলাদেশের এক ক্রিকেটার নাজমুস সাকিব। খুলনার ছেলে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। তিনি খুলনা বিভাগের পক্ষে খেলেছেন। মালয়েশিয়া জাতীয় দলের পক্ষে টি-২০ ম্যাচ খেলেছেন চারটি। রান করেছেন ১৫। জন্মভূমির বিপক্ষে খেলবেন পরিচিত পরিবেশে। তারপরও সেরাটা দিতে চান নাজমুস, ‘বাংলাদেশের বিপক্ষে খেলা সবসময় একটা চ্যালেঞ্জিং। দেশের প্রতি সবার একটা মায়া থাকে। তবে আমি মালয়েশিয়ার হয়ে খেলছি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সেরাটা দিয়ে খেলার চেষ্টা করব।’
বাংলাদেশ এইচপি টি-২০ স্কোয়াড : জিশান আলম, জাওয়াদ আবরার, এস এম মেহেরব হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, মো. শাদহিন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।
