বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: ভূমিমন্ত্রী

বাসস
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। হিন্দু ধর্মাবলম্বীরা যাতে সম্পূর্ণ নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সেজন্য সরকার সব ধরনের কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।’

শনিবার রাজশাহী মহানগরীর বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় ও আর্থিক অনুদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর ধর্মসভায় আয়োজিত অনুষ্ঠানে মহানগরীর মোট ৮৫টি মণ্ডপে ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান বিতরণ করে ভূমিমন্ত্রী।

তিনি বলেন, রাজশাহীর ইতিহাস বরাবরই সাম্প্রদায়িক সৌহার্দ্যের ইতিহাস। এখানে যুগে যুগে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে।

পূজার দিনে যাতে কোনো সামাজিক বৈষম্য না ঘটে এবং কোনো অসচ্ছল পরিবার আনন্দের অংশীদার হওয়া থেকে বঞ্চিত না হয়, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘আমাদের প্রিয় শহর রাজশাহীতে কোনো প্রকার বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আপনারাই আমাদের ঐতিহ্য ধরে রেখেছেন। সরকারের পক্ষ থেকে অনুদান ও সরকারি প্রয়োজনীয় বরাদ্দ যথাসময়ে পৌঁছানো নিশ্চিত করা হয়েছে।’

সভায় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার ও ধর্মসভা এবং বিভিন্ন পূজামণ্ডপ কমিটির প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights