বার্ন ইনস্টিটিউট থেকে বাড়ি ফিরলেন আরও দুইজন
অনলাইন ডেস্ক
রাজধানীর বেইলি রোডে গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় আহতদের মধ্যে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন আরও দুইজন। এ নিয়ে ১৪ জনের মধ্যে হাসপাতালের ছাড়পত্র পেলেন ১১ জন। এখনো ভর্তি আছেন তিনজন।
ভর্তি রোগীদের সবশেষ শারীরিক অবস্থা জানাতে আজ রবিবার আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন তরিকুল ইসলাম।
তিনি বলেন, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভর্তি থাকা তিনজন রোগীকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে, তবে তারাও সুস্থতার দিকে। পুরোপুরি সুস্থ হলে তাদের ছাড়পত্র দেওয়া হবে। তবে এখনই তাদের শঙ্কামুক্ত বলা যাচ্ছে না।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন দুইজন। গত ২৯ ফেব্রুয়ারি ভয়াবহ ওই অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৪৪ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি দুইজনের মরদেহ ঢাকা মেডিকেলে রয়েছে। গতকাল তাদের ডিএনএ নমুনা নেওয়া হয়েছে।
