বিআরটি প্রকল্পের ভোগান্তির প্রতিবাদে গাজীপুরে মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের অসমাপ্ত বিআরটি প্রকল্পের কারণে দীর্ঘদিনের ভোগান্তি ও সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা।

সোমবার সকাল ১০টায় বোর্ড বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন শেষে কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করা হলে যান চলাচল ব্যাহত হয় এবং সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দ্রুত সময়ের মধ্যে বিআরটি প্রকল্পের কাজ সম্পন্ন করা এবং বোর্ড বাজার এলাকায় একটি নিরাপদ ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের দাবি জানান।

কর্মসূচির নেতৃত্ব দেন গাছা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন খান। তিনি বলেন, বিআরটি প্রকল্পের দীর্ঘসূত্রতার কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। বিশেষ করে বোর্ড বাজার এলাকায় সড়ক পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটছে এবং এতে নিরীহ মানুষ প্রাণ হারাচ্ছে।

তিনি আরও বলেন, ওভারব্রিজ বা আন্ডারপাস না থাকায় শিক্ষার্থীসহ সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করছেন। দ্রুত এ সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর রাজু, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, কৃষক দলের কেন্দ্রীয় নেতা হারুন অর রশিদ খান, বিএনপি নেতা হাজী আবুল কাশেম, ইঞ্জিনিয়ার আজহার খন্দকার, নজরুল ইসলাম মোড়ল, মো. জয়নাল আবেদীন তালুকদার, আলম মাস্টার, শরিফ সরকার ও ইউসুফ সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights