বিএনপি নেতাকে প্রকাশ্যে কোপালো যুবলীগ কর্মী
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনায় বিএনপি নেতা ফরমান আলীকে (৬০) প্রকাশ্যে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মী রাশেদ আহমেদের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী ওই যুবলীগ কর্মীকে ধরে পুলিশে দিয়েছে। শনিবার দুপুর ১টার দিকে দর্শনা বাজারের জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে। হামলার শিকার ফরমান আলী দর্শনা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি।
স্থানীয়রা জানায়, দুপুরে জনতা ব্যাংকের কাছে একটি চায়ের দোকানে বসে ছিলেন ফরমান আলী। এ সময় ঈশ্বরচন্দ্রপুর গ্রামের যুবলীগ কর্মী রাশেদ প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে ফরমান আলীকে কুপিয়ে পালিয়ে যায়। পরে ফরমান আলীর ইটভাটায় গিয়েও হামলা চালায় রাশেদ। এ সময় ইটভাটার ম্যানেজার আহসান আলীকে মারধর এবং আসবাবপত্র ভাঙচুর করে। পরে গ্রামবাসী রাশেদকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ তিতুমীর বলেন, শনিবার দুপুরে গ্রামবাসী রাশেদকে থানায় সোপর্দ করেছে। বিএনপি নেতার ওপর হামলার ঘটনা শুনেছি। রাশেদ দুই সপ্তাহ আগে দর্শনা পৌরসভার সাবেক কাউন্সিলর আশু মিয়াকে কুপিয়ে জখম করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে আগেই মামলা হয়েছে। তাকে জেল-হাজতে পাঠানো হয়েছে।
