বিজয় দিবসে নৌবাহিনীর যুদ্ধজাহাজ দেখলো উৎসুক জনতা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা শহীদ ফরিদ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নেভাল বার্থে জাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ। এ সময় বিভিন্ন বয়সী দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়।
বানৌজা শহীদ ফরিদের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার আরিফ হোসেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ ফরিদের স্মরণে যুদ্ধজাহাজটির নামকরণ করা হয়েছে। দেশ রক্ষায় সমুদ্রসীমা, বাণিজ্যিক জাহাজ চলাচল এবং মৎস্যসম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে এ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি আরও বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে নৌবাহিনীর কার্যক্রম ও সক্ষমতা সম্পর্কে সাধারণ মানুষ, বিশেষ করে নতুন প্রজন্মকে অবহিত করতেই যুদ্ধজাহাজটি জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
