বিমানবন্দরের নিরাপত্তায় কোনো অবহেলা সহ্য করা হবে না: বিমানমন্ত্রী

অনলাইন ডেস্ক
বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। দায়িত্ব পালনে অবহেলা করলে সংশ্লিষ্টদের কঠোর শাস্তির আওতায় আনা হবে বলে সতর্ক করেছেন তিনি। অন্যদিকে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনকারীদের পুরস্কৃত করার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী।

সোমবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘এয়ারপোর্ট ফায়ার ইমার্জেন্সি এক্সারসাইজ ২০২৬’ শীর্ষক মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার সক্ষমতা সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রস্তুতি ও দক্ষতার ওপর অনেকাংশে নির্ভরশীল। এর সঙ্গে সরাসরি জড়িত যাত্রীদের জীবন ও নিরাপত্তা। ফলে দায়িত্ব পালনে কোনো ধরনের শিথিলতা বা অবহেলা মেনে নেওয়া হবে না।

মহড়ায় ব্যাংকক থেকে ঢাকায় আসা ৯৮ জন যাত্রী ও ৫ জন ক্রুবাহী একটি উড়োজাহাজের ইঞ্জিনে ত্রুটি দেখা দেওয়ার পর অগ্নিকাণ্ডের একটি কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়। এ সময় জরুরি উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রমের অনুশীলন চালানো হয়।

মহড়ায় বিমানবন্দরের ফায়ার সার্ভিস, এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি), উদ্ধারকারী দল, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোর সদস্যরা সমন্বিতভাবে অংশ নেন। তারা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা এবং যাত্রীদের নিরাপদে উদ্ধারের কার্যক্রম পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও কার্যকর ভূমিকার প্রশংসা করে বিমানমন্ত্রী বলেন, দেশের বিমানবন্দরগুলোতে শতভাগ নিরাপত্তা এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করতে সরকার সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন পদক্ষেপও নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights